বিশ্বের শীর্ষস্থানীয় ভোগ্যপণ্যের আন্তর্জাতিক বাণিজ্য মেলা ‘অ্যাম্বিয়েন্তে ফ্রাঙ্কফুর্ট ২০২৬’-এ ৩৮টি বাংলাদেশী প্রতিষ্ঠান অংশ নেবে। এসব প্রতিষ্ঠান তাদের নতুন ও উদ্ভাবনী পণ্য নিয়ে এ মেলায় অংশগ্রহণ করবে।
আগামী ৬-১০ ফেব্রুয়ারি জার্মানির ফ্রাঙ্কফুর্টে আন্তর্জাতিক এ বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবে। বিশ্বব্যাপী অন্যতম ওয়ান-স্টপ সোর্সিং প্লাটফর্ম হিসেবে স্বীকৃত এ মেলায় প্রতি বছর বিভিন্ন দেশ থেকে উৎপাদক, প্রদর্শক ও পেশাদার ক্রেতারা একত্র হন। ডাইনিং, লিভিং, গিভিং, বিউটি অ্যান্ড বাথ, অফিস ও স্কুল সাপ্লাই, গিফট, প্যাকেজিং, ডেকোরেশনসহ বিস্তৃত পণ্যের সমাহার এ মেলাকে আন্তর্জাতিক ক্রেতা ও সরবরাহকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করেছে।
অ্যাম্বিয়েন্তে ফ্রাঙ্কফুর্ট ২০২৬-এ বাংলাদেশ থেকে মোট ৩৮টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে, যা দেশের সৃজনশীলতা, নতুনত্ব এবং রফতানিযোগ্য পণ্যের বৈচিত্র্য তুলে ধরবে। এর মাধ্যমে বৈশ্বিক ভোক্তা বাজারে বাংলাদেশের ক্রমবর্ধমান রফতানিনি সম্ভাবনার প্রতিফলন ঘটবে।
এর মধ্যে ৩২টি বাংলাদেশী কোম্পানি সরাসরি প্রদর্শক হিসেবে অংশ নেবে। উল্লেখযোগ্য অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছে ঢাকা হ্যান্ডিক্রাফটস, অপরাজেয়, আরএফএল প্লাস্টিকস, আকিজ সিরামিকস, পিপলস সিরামিক ইন্ডাস্ট্রিজ, শাইনপুকুর সিরামিকস, প্যারাগন সিরামিক ইন্ডাস্ট্রিজ, সিওআরআর-দ্য জুট ওয়ার্কস, মনি জুট গুডস অ্যান্ড হ্যান্ডিক্রাফটস, গোল্ডেন জুট প্রডাক্ট, গ্লোবাল গোল্ডেন জুট অ্যান্ড ক্রাফটস, আর্টিসান হাউজ বিডি, আর্টিসান সিরামিকস, কনএক্সপো, হ্যান্ড টাচ, আর্থ বাউন্ডসহ আরো বহু খ্যাতনামা প্রতিষ্ঠান।
এছাড়া রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ব্যবস্থাপনায় আরো পাঁটি প্রতিষ্ঠান মেলায় অংশ নেবে, যারা টেকসই ও কারুশিল্পভিত্তিক উৎপাদন খাতের প্রতিনিধিত্ব করবে। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ইকো ক্রেভ, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ, জুট ক্রাফটস, মাফ ক্রাফট বিডি এবং তারাঙ্গো।
অ্যাম্বিয়েন্তে ফ্রাঙ্কফুর্ট বাংলাদেশী রফতানিকারকদের জন্য ইউরোপীয় ও বৈশ্বিক বাজারের সঙ্গে সংযোগ জোরদার করার একটি কৌশলগত প্লাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত। এ মেলার মাধ্যমে দেশের ব্র্যান্ড দৃশ্যমানতা বৃদ্ধি, টেকসই ও হাতে তৈরি পণ্যের প্রচার এবং আন্তর্জাতিক ক্রেতা ও বাজারের সঙ্গে দীর্ঘমেয়াদি বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে।