মালয়েশিয়ায় ডিসেম্বরে পাম অয়েলের মজুদ টানা তৃতীয় মাসের মতো কমেছে। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মালয়েশিয়ান পাম অয়েল বোর্ড (এমপিওবি)। খবর রয়টার্স।
এমপিওবি জানায়, গত মাসে মালয়েশিয়ায় পাম অয়েলের মজুদ ৬ দশমিক ৯১ শতাংশ কমে ১৭ লাখ ১০ হাজার টনে নেমেছে।
সংস্থাটি আরো জানায়, এ সময় মালয়েশিয়ায় অপরিশোধিত পাম অয়েল উৎপাদন নভেম্বরের তুলনায় ৮ দশমিক ৩ শতাংশ কমে ১৪ লাখ ৯০ হাজার টন হয়েছে।
এমপিওবির দেয়া তথ্যানুযায়ী, গত মাসে মালয়েশিয়া ১৩ লাখ ৪০ হাজার টন পাম অয়েল রফতানি করেছে, যা আগের মাসের তুলনায় ৯ দশমিক ৯৭ শতাংশ কম।
এর আগে রয়টার্স এক পূর্বাভাসে জানিয়েছিল, মালয়েশিয়ায় ডিসেম্বরে পাম অয়েলের মজুদ হতে পারে ১৭ লাখ ৬০ হাজার টন। এছাড়া ১৪ লাখ ৮০ হাজার উৎপাদন ও ১৩ লাখ ৮০ হাজার টন রফতানির পূর্বাভাসও দিয়েছিল বার্তা সংস্থাটি।