বিক্রি বেড়ে যাওয়ায় গত সপ্তাহের লেনদেনের শেষদিন শুক্রবার ফিউচার মার্কেটে জাপানি রাবারের দাম কমেছে। বাজার বিশ্লেষকরা জানিয়েছেন, চীনের চাহিদা নিয়ে উদ্বেগও এ সময় পণ্যটির দরপতনের পেছনে ভূমিকা রেখেছে। খবর বিজনেস রেকর্ডার।
ওসাকা এক্সচেঞ্জে (ওএসই) জুলাইয়ে সরবরাহ চুক্তিতে প্রাকৃতিক রাবারের দাম ২ দশমিক ৮ ইয়েন বা দশমিক ৮ শতাংশ কমেছে। প্রতি কেজির মূল্য নেমেছে ৩৪৫ দশমিক ৩ ইয়েনে (২ ডলার ২১ সেন্ট)।
সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে (এসএইচএফই) মে মাসে সরবরাহ চুক্তিতে প্রাকৃতিক রাবারের দাম ১৩৫ ইউয়ান বা দশমিক ৮৩ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য নেমেছে ১৬ হাজার ৮০ ইউয়ানে (২ হাজার ৩১৭ ডলার ২০ সেন্ট)। সপ্তাহজুড়ে সাংহাইয়ে এ চুক্তিমূল্য কমেছে ৩ দশমিক ১৩ শতাংশ।
চীনের আর্থিক তথ্য প্রদানকারী সাইট কুয়েহচিহুওর তথ্যানুযায়ী, দেশটির টায়ার নির্মাণ কোম্পানিগুলোর উৎপাদন সক্ষমতা কমেছে। পাশাপাশি দীর্ঘদিন প্রাকৃতিক রাবারের দাম বেশি থাকায় টায়ার প্রস্তুতকারী কোম্পানিগুলো ক্রয় কমিয়ে দিচ্ছে।