রুফটপ সোলার বা ছাদভিত্তিক সৌরবিদ্যুতের প্রসারে সহজ শর্তে ও স্বল্পসুদে অর্থায়ন নিশ্চিত করতে সরকারের সঙ্গে ৫০০ কোটি টাকার ঋণ চুক্তি করেছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও ইডকলের মধ্যে এ-সংক্রান্ত চুক্তিটি স্বাক্ষরিত হয়। আর্থিক প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
জানা গেছে, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ কর্মসূচির আওতায় ইডকল ও বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইনান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল) যৌথভাবে অর্থায়ন করবে। এ জন্য অর্থ বিভাগ থেকে প্রতিষ্ঠান দুটি মোট ১ হাজার কোটি টাকা পাবে। এর মধ্যে ইডকলের সঙ্গে ৫০০ কোটি টাকার ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এই অর্থ ইডকল তার ডিমান্ড এগ্রিগেটরদের মাধ্যমে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে আগ্রহী গৃহস্থালি, ব্যবসাপ্রতিষ্ঠান, শিল্পপ্রতিষ্ঠান ও ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে ঋণ হিসেবে বিতরণ করবে, যার সুদহার হবে সর্বোচ্চ ৬ শতাংশ।
ইডকল বলছে, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকার ‘নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬-৩০’ গ্রহণ করেছে। এতে ২০৩০ সালের মধ্যে দেশে অতিরিক্ত ১০ হাজার ৫০০ মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি সক্ষমতা যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৫ হাজার ৫০০ মেগাওয়াট আসবে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে।
ইডকল মূলত দেশের বেসরকারি খাতের বৃহৎ অবকাঠামো উন্নয়নে দীর্ঘমেয়াদি অর্থায়ন করে থাকে। এটি বাংলাদেশে সৌরবিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানির প্রসারে বিশ্বজুড়ে একটি সফল মডেল হিসেবে স্বীকৃত।