ইউরোপে তীব্র তাপপ্রবাহ ও খরা, ফের বাড়তে পারে অলিভ অয়েলের দাম

ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, দীর্ঘস্থায়ী খরা ও ভয়াবহ দাবানলে কৃষি উৎপাদন মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বিশেষ করে অলিভ বা জলপাইয়ের বাগানগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর প্রভাব পড়তে যাচ্ছে বিশ্ববাজারে। দুই বছর আগের রেকর্ড মূল্যবৃদ্ধির পর সম্প্রতি বাজার কিছুটা স্বাভাবিক হতে শুরু করলেও ইউরোপের প্রধান উৎপাদনকারী অঞ্চলগুলোয় ফসল নষ্ট হওয়ায় অলিভ অয়েলের দাম আবারো বাড়তে পারে বলে সতর্ক করেছেন সংশ্লিষ্টরা। খবর দ্য গার্ডিয়ান।

ইউরোপের কৃষক ও কৃষি সংগঠনগুলো জানিয়েছে, চরম আবহাওয়ায় ভুট্টা, সূর্যমুখী, আলু থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় শাকসবজির উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। ফলে কৃষি খাতের উৎপাদন খরচ বাড়ার পাশাপাশি বিশ্ববাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম বাড়ার ঝুঁকি তৈরি হয়েছে।

ফ্রান্সে তীব্র দাবদাহ ও বৃষ্টিপাতের অভাবে কয়েক হাজার টন সবজি নষ্ট হয়ে গেছে। এতে পণ্যের উৎপাদন প্রায় অর্ধেকে নেমে আসতে পারে বলে জানিয়েছে দেশটির সবজিচাষীদের সংগঠন লেগুমস দে ফ্রান্স।

স্পেনের কৃষি মন্ত্রণালয় পূর্বাভাস দিয়েছে, চলতি মৌসুমে দেশটির শস্য উৎপাদন কমে ১ কোটি ৮৫ লাখ টনে নামবে, যা গত বছর ছিল ২ কোটি ৪০ লাখ টন। দাবানলের ক্ষয়ক্ষতি হিসাব করার আগেই এ পূর্বাভাস দেয়া হয়েছে।

এদিকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ফসলের ফলন সংগ্রহের পূর্বাভাস কমিয়ে এনেছে। রান্নার তেলের প্রধান উৎস সূর্যমুখীর উৎপাদন ৭ ও ভুট্টার ৬ শতাংশ কম হতে পারে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি আলু ও সয়াবিনের ফলন ৩ শতাংশ কম হওয়ার আশঙ্কা রয়েছে।

গ্রিস, ইতালি ও পর্তুগালে গ্রীষ্মকালীন দাবানলে বহু জলপাইয়ের বাগান পুড়ে গেছে। আগুন থেকে বেঁচে যাওয়া বাগানগুলোও অতিরিক্ত গরম, ছাই ও কীটপতঙ্গের আক্রমণের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বর্তমানে যুক্তরাজ্যে প্রতি লিটার এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলের দাম ৭ পাউন্ডের ওপরে রয়েছে এবং সম্প্রতি তা আবার বাড়তে শুরু করেছে। আবহাওয়া দ্রুত অনুকূলে না এলে আগামী শরতে বাজারে অলিভ অয়েলের দাম আবারো বাড়তে পারে।

আরও