ভিসা ইনকরপোরেশন ২০২৫ সালের ৩০ জুন শেষ হওয়া তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে দেখা যায়, জিএএপি অনুযায়ী নিট আয় হয়েছে ৫ দশমিক ৩ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ৮ শতাংশ বেশি। শেয়ারপ্রতি আয় ১২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ দশমিক ৬৯ ডলারে। এছাড়া নন-জিএএপি হিসেবে নিট আয় হয়েছে ৫ দশমিক ৮ বিলিয়ন ডলার এবং শেয়ারপ্রতি আয় ২ দশমিক ৯৮ ডলার, যা আগের বছরের চেয়ে যথাক্রমে ১৯ শতাংশ ও ২৩ শতাংশ বেশি।
চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ভিসার মোট নিট রাজস্ব দাঁড়িয়েছে ১০ দশমিক ২ বিলিয়ন ডলারে, যা আগের বছরের তুলনায় ১৪ শতাংশ বেশি। এ সময় পেমেন্ট ভলিউম ৮ শতাংশ বেড়েছে (স্থির-মুদ্রা ভিত্তিতে)। আর মোট ক্রস-বর্ডার লেনদেন বেড়েছে ১২ শতাংশ। এছাড়া এ প্রান্তিকে ভিসা মোট ৬৫ দশমিক ৪ বিলিয়ন লেনদেন প্রক্রিয়াকরণ করেছে, যা আগের বছরের চেয়ে ১০ শতাংশ বেশি।
ভিসার প্রধান নির্বাহী কর্মকর্তা রায়ান ম্যাকনার্নি বলেন, ‘ভিসা আরো একটি শক্তিশালী প্রান্তিক পার করেছে, যেখানে নিট রাজস্ব ১৪ শতাংশ, জিএএপি ভিত্তিক শেয়ারপ্রতি আয় ১২ শতাংশ এবং নন-জিএএপি শেয়ারপ্রতি আয় ২৩ শতাংশ বেড়েছে। পুরো প্রান্তিকজুড়ে ও জুলাইয়ের শুরু পর্যন্ত ব্যবসার গতি ইতিবাচক ছিল।’
এ প্রান্তিকে ভিসার সার্ভিস রেভিনিউ দাঁড়িয়েছে ৪ দশমিক ৩ বিলিয়ন ডলারে, যা আগের বছরের তুলনায় ৯ শতাংশ বেশি। ডাটা প্রসেসিং রেভিনিউ ১৫ শতাংশ বেড়ে হয়েছে ৫ দশমিক ২ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক লেনদেন থেকে আয় ১৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ৬ বিলিয়ন ডলারে। অন্যান্য আয় ৩২ শতাংশ বেড়ে হয়েছে ১ বিলিয়ন ডলার। এছাড়া ক্লায়েন্ট ইনসেনটিভ বেড়ে দাঁড়িয়েছে ৪ বিলিয়ন ডলারে।
চলতি প্রান্তিকে ভিসার জিএএপি ভিত্তিক পরিচালন ব্যয় ৩৫ শতাংশ বেড়ে ৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বিশেষ খরচ ও অধিগ্রহণ-সংক্রান্ত ব্যয় বাদ দিলে (অর্থাৎ নন-জিএএপি ভিত্তিতে) পরিচালন ব্যয় ১৩ শতাংশ বেড়েছে। জিএএপি ভিত্তিতে নন-অপারেটিং আয় ছিল ১৫৬ মিলিয়ন ডলার, যেখানে ৩৫ মিলিয়ন ডলারের শেয়ারবাজার বিনিয়োগের ক্ষতি অন্তর্ভুক্ত। এ ক্ষতি বাদ দিলে নন-জিএএপি নন-অপারেটিং আয় ছিল ১৯১ মিলিয়ন ডলার। এ প্রান্তিকের জন্য জিএএপি করহার ছিল ১৬ দশমিক ৭ শতাংশ এবং নন-জিএএপি করহার ছিল ১৭ দশমিক ৩ শতাংশ।
২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত ভিসার হাতে নগদ, সমমান এবং বিনিয়োগ মিলিয়ে মোট ২০ দশমিক ৪ বিলিয়ন ডলার ছিল, যা কোম্পানির শক্তিশালী আর্থিক অবস্থানকে নির্দেশ করে। এ প্রান্তিকে ভিসার গড় শেয়ার সংখ্যা ছিল ১ দশমিক ৯৬ বিলিয়ন। —বিজ্ঞপ্তি