যুক্তরাষ্ট্রের অনলাইন মার্কেটে মাত্র চারদিনে ২৪ দশমিক ১ বিলিয়ন বা ২ হাজার ৪১০ কোটি ডলার খরচ করেছেন ক্রেতারা। ৮-১১ জুলাই পর্যন্ত অনলাইনে কেনাকাটার এ সময়কে বলা হচ্ছে ‘ব্ল্যাক ফ্রাইডে ইন সামার’। অ্যাডোবি অ্যানালিটিকসের তথ্য অনুযায়ী, বড় অংকের মূল্যছাড় ও বিদ্যালয়ে নতুন সেশনের কারণে এ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। খবর রয়টার্স
অ্যাডোবি জানায়, এ সময়ে অনলাইন বিক্রির হার বেড়েছে ৩০ দশমিক ৩ শতাংশ, যা তাদের পূর্বাভাস ২৮ দশমিক ৪ শতাংশকে ছাড়িয়ে গেছে। গত বছর একই সময়ে বিক্রি হয়েছিল ১ হাজার ৪২০ কোটি ডলারের পণ্য। সেই তুলনায় এ বছর প্রবৃদ্ধি হয়েছে ১১ শতাংশ।
কেনাকাটার মৌসুমে মার্কিন শীর্ষ অনলাইন মার্কেটপ্লেস অ্যামাজন, ওয়ালমার্ট, টার্গেট ও বেস্ট বাইয়ের মতো বিক্রেতারা বড় ধরনের ছাড় দেয়। অ্যামাজন তাদের ‘প্রাইম ডে’ অফার ৪৮ থেকে বাড়িয়ে ৯৬ ঘণ্টা করেছে। যেখানে পোশাক থেকে শুরু করে ইলেকট্রনিকস পর্যন্ত নানা পণ্যে বিশাল ছাড় দেয়া হয়েছে।
এ বছর ‘প্রাইম ডে’ মূলত ব্যাক-টু-স্কুল বা বিদ্যালয়ে ফেরা উপলক্ষে কেনাকাটার অন্যতম সময় হয়ে উঠেছে বলে জানায় অ্যাডোবি। অনেক অভিভাবক ও শিক্ষার্থী আগেভাগে প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী কিনে রাখেন।
মোবাইল ছিল প্রধান কেনাকাটার মাধ্যম। অ্যাডোবির হিসাব অনুযায়ী, মোট অনলাইন বিক্রির ৫৩ দশমিক ২ শতাংশ হয়েছে মোবাইল ফোনের মাধ্যমে, যা পূর্বাভাসের ৫২ দশমিক ৫ শতাংশের তুলনায় বেশি।
ছাড়ের পরিমাণ ছিল ১১-২৪ শতাংশ পর্যন্ত। এর মধ্যে সবচেয়ে বেশি ছাড় ছিল পোশাকে ২৪ শতাংশ, যা গত বছর ছিল ২০ শতাংশ। ইলেকট্রনিকসে আগের মতোই ছাড় ছিল ২৩ শতাংশ।
এবারের গ্রীষ্মকালীন অনলাইনে বিক্রির মৌসুমে মার্কিন অর্থনীতিতে বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তিসংক্রান্ত অনিশ্চয়তা বিরাজ করছিল। তা সত্ত্বেও বড় ছাড় আর অনলাইন কেনাকাটার প্রবণতা মার্কিন বাজারে বিক্রি বাড়িয়েছে।