বিশ্ববাজারে ৫ শতাংশের বেশি দরপতন এবং বাণিজ্য প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে। চীনের রাষ্ট্রীয় ক্রেতারা প্রায় ১০ লাখ টন সয়াবিন কিনেছেন বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ) এরই মধ্যে প্রায় পাঁচ লাখ টন সয়াবিন বিক্রির বিষয়টি নিশ্চিত করেছে। খবর রয়টার্স।
আন্তর্জাতিক বাজারের তথ্য অনুযায়ী, চীনের ক্রেতারা ১৪-১৬ কার্গো সয়াবিন বুকিং দিয়েছেন। এর মধ্যে যুক্তরাষ্ট্রের মেক্সিকো উপসাগরীয় অঞ্চলের বন্দর থেকে আটটি এবং প্যাসিফিক নর্থওয়েস্ট বন্দর থেকে ছয়টি কার্গো পাঠানো হবে। এসব চালান আগামী অক্টোবর ও নভেম্বরের মধ্যে পৌঁছবে।
এ ক্রয় প্রক্রিয়ার পেছনে কাজ করছে চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সিনোগ্রেন। সেপ্টেম্বরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রস্তাবিত মার্কিন সফরকে সামনে রেখে ইতিবাচক পরিবেশ তৈরিতে চীন এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
দ্বিপক্ষীয় সমঝোতা অনুযায়ী, ২০২৮ সাল পর্যন্ত চীন প্রতি বছর আড়াই কোটি টন মার্কিন সয়াবিন কিনবে। চলতি বছরের এখন পর্যন্ত দেশটি ৪০ লাখ টনের বেশি সয়াবিন কিনেছে, যা চার বছরের মধ্যে সর্বোচ্চ। তবে শুল্ক প্রত্যাহার করা না হলে বেসরকারি প্রতিষ্ঠানগুলো এ আমদানিতে অংশ নিতে পারবে কিনা, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।