সিডব্লিউইউতে সেমিনারে প্রাইম ব্যাংকের উইমেন ব্যাংকিং প্রধান

নারীর আর্থিক অন্তর্ভুক্তির সঙ্গে সিদ্ধান্তগ্রহণের সক্ষমতা ও নেতৃত্ব বিকাশের মতো বিষয় জড়িত

নারীর আর্থিক অন্তর্ভুক্তি শুধু ব্যাংকিং সেবায় প্রবেশাধিকারের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এর সঙ্গে আর্থিক স্বাধীনতা, আত্মবিশ্বাস, সিদ্ধান্তগ্রহণের সক্ষমতা ও নেতৃত্ব বিকাশের বিষয়গুলোও জড়িত।

সেন্ট্রাল উইমেনস ইউনিভার্সিটিতে (সিডব্লিউইউ) সম্প্রতি এক সেমিনারে প্রাইম ব্যাংক পিএলসির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব লয়াবিলিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং শায়লা আবেদীন এ কথা বলেন। ব্যাংকের ‘প্রাইমঅ্যাকাডেমিয়া’ উদ্যোগের আওতায় ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন: এনগেজিং অ্যান্ড ইনস্পায়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সহযোগিতায় ছিল সিডব্লিউইউ বিজনেস ক্লাব। প্রাইম ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

উদ্বোধনী বক্তব্যে শায়লা আবেদীন বলেন, ‘নারীর আর্থিক অন্তর্ভুক্তি শুধু ব্যাংকিং সেবায় প্রবেশাধিকারের মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে নারীর আর্থিক স্বাধীনতা, আত্মবিশ্বাস, সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা ও নেতৃত্ব বিকাশের বিষয়গুলোও জড়িত।’

নিজের কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘সামাজিক প্রত্যাশা ও কর্মক্ষেত্রের বিভিন্ন প্রতিবন্ধকতা অনেক সময় নারীর অগ্রযাত্রাকে কঠিন করে তোলে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় অধ্যবসায়, ধারাবাহিকভাবে শেখার মানসিকতা, নৈতিকতা ও দায়িত্ব নেয়ার সাহস গুরুত্বপূর্ণ।’ একাডেমিক ও পেশাগত দক্ষতার পাশাপাশি শিক্ষার্থীদের আর্থিক বিষয়ে জ্ঞান অর্জনেরও আহ্বান জানান শায়লা আবেদীন।

প্রাইম ব্যাংকের উইমেন ব্যাংকিং প্রধান বলেন, ‘আয়, সঞ্চয় ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সচেতনতা নারীদের আত্মবিশ্বাসের সঙ্গে আর্থিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে।’ অর্থনীতিতে নারীর ক্রমবর্ধমান অবদান তুলে ধরে তিনি নারীদের জন্য ব্যাংকের বিশেষায়িত ব্যাংকিং সেবা ‘নীরা’ সম্পর্কেও শিক্ষার্থীদের অবহিত করেন।

অনুষ্ঠানে মূল বক্তব্য দেন প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এমএম মাহবুব হাসান। তিনি ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনার বিভিন্ন ব্যবহারিক দিক তুলে ধরে আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য, নিয়মিত সঞ্চয়, তথ্যভিত্তিক আর্থিক সিদ্ধান্ত এবং দীর্ঘমেয়াদি আর্থিক শৃঙ্খলার ওপর গুরুত্ব দেন।

মাহবুব হাসান তার উদ্ভাবিত ‘গ্র্যান্ডফাদার কনসেপ্ট অব পারসোনাল মানি ম্যানেজমেন্ট’ ধারণাটি শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ব্যাংকিং সেবা আরো সহজ ও অন্তর্ভুক্তিমূলক করতে প্রাইম ব্যাংকের সাইন ল্যাঙ্গুয়েজ ভিডিও কল সেবা, দৃষ্টিপ্রতিবন্ধী গ্রাহকদের জন্য ব্রেইল বই এবং সহজপ্রাপ্য ব্যাংকিং উপকরণসহ বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন মাহবুব হাসান।

অনুষ্ঠানের প্রধান অতিথি সেন্ট্রাল উইমেনস ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. পারভীন হাসান এ উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, ‘একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের ব্যবহারিক আর্থিক জ্ঞান ও ক্যারিয়ার-সংক্রান্ত দক্ষতা অর্জন প্রয়োজন।’ পরিবর্তনশীল কর্মক্ষেত্রের চাহিদা অনুযায়ী নিজেদের প্রস্তুত করার জন্য তিনি শিক্ষার্থীদের আহ্বান জানান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইলিয়াস আহমেদও বক্তব্য দেন।

সেমিনারে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রশ্নোত্তর ও দলীয় আলোচনা অনুষ্ঠিত হয়। এতে ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা, ক্যারিয়ার উন্নয়ন ও নৈতিক ব্যাংকিংসহ বিভিন্ন বিষয়ে ব্যাংকারদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পান শিক্ষার্থীরা। অনুষ্ঠানে অংশগ্রহণকারী কৃতী শিক্ষার্থীদের প্রাইম ব্যাংকের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।

আরও