যুক্তরাজ্যে জুনে বিক্রি হওয়া প্রতি ১০টি গাড়ির একটি চীনা ব্র্যান্ডের

যুক্তরাজ্যে গত মাসে বিক্রি হওয়া প্রতি ১০টি গাড়ির একটি চীনে তৈরি।

যুক্তরাজ্যে গত মাসে বিক্রি হওয়া প্রতি ১০টি গাড়ির একটি চীনে তৈরি। দেশটির গাড়ি নির্মাতা ও বিক্রেতাদের সংগঠন সোসাইটি অব মোটর ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড ট্রেডার্সের (এসএমএমটি) তথ্যানুযায়ী, জুনে এমজি, পোলস্টার, বিওয়াইডি, ওমোডা ও জিকুর মতো চীনা ব্র্যান্ডের ১৮ হাজার ৯৪৪টি গাড়ি যুক্তরাজ্যে বিক্রি হয়েছে, যা মোট বিক্রির ১০ শতাংশ। খবর বিবিসি।

সংগঠনটি জানিয়েছে, ২০২৫ সালের প্রথম ছয় মাসে যুক্তরাজ্যে বিক্রি হওয়া প্রতি ১২টি গাড়ির একটি হলো চীনা ব্র্যান্ডের। আগের দুই বছরে এ হার ছিল প্রায় ৫ শতাংশ। এবার তা বেড়ে ৮ শতাংশেরও বেশি হয়েছে, এসব গাড়ির বেশির ভাগই ছিল বিদ্যুচ্চালিত (ইভি)।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাজ্য এখনো চীনা গাড়ির ওপর অতিরিক্ত শুল্ক আরোপ না করায় দেশটির ব্র্যান্ডগুলোর জন্য বড় সুযোগ তৈরি হয়েছে। বিপরীতে ইইউ, যুক্তরাষ্ট্র ও কানাডা চীনা ইভির ওপর ৪৫-১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে।

তবে বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, এ প্রবণতা ব্রিটেনের নিজস্ব গাড়ি খাতের জন্য হুমকির কারণ হতে পারে। তাই অনেকে কোটা পদ্ধতি চালু কিংবা চীনা নির্মাতাদের স্থানীয় কারখানা গড়ার পক্ষে মত দিচ্ছেন।

এসএমএমটির তথ্যানুযায়ী, যুক্তরাজ্যে এখন প্রতি চারজন ক্রেতার একজন ইভি কিনছেন। তবে সংস্থাটির প্রধান নির্বাহী মাইক হাউজ মনে করেন, এ চাহিদা মূলত গাড়ি নির্মাতাদের দেয়া বড় ছাড়ের কারণে টিকে আছে।

আরও