ফান্ড অবসায়নের অর্থ পাঠিয়েছে ভ্যানগার্ড

পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান অবসায়নের পর প্রাপ্য অর্থ ইউনিটহোল্ডারদের মধ্যে বিতরণ করা হয়েছে।

ফান্ডটির ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি) পিএলসি এ তথ্য জানিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

ট্রাস্টির দেয়া তথ্য অনুযায়ী, ফান্ডটি অবসায়ন করার পর প্রাপ্য অর্থ ইউনিটহোল্ডারদের নিজ নিজ ব্যাংক হিসাবে পাঠানো হয়। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) রেকর্ড অনুযায়ী, বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে এসব অর্থ বিতরণ করা হয়েছে। বিতরণ করা অর্থের ওপর প্রযোজ্য কোনো কর থাকলে তার দায়িত্ব সংশ্লিষ্ট ইউনিটহোল্ডারদের নিজেদের বহন করতে হবে।

২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ানের ১০ বছরের মেয়াদ শেষ হয়েছে গত বছরের ২৩ ডিসেম্বর। মিউচুয়াল ফান্ড বিধিমালা অনুসারে, ফান্ডের মেয়াদ শেষে ইউনিটহোল্ডারদের মতামতের ভিত্তিতে ফান্ডের অবসায়ন কিংবা বেমেয়াদি ফান্ডে রূপান্তরের বিধান রয়েছে।

ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ানের ইউনিটহোল্ডাররা গত বছর এর অবসায়নের পক্ষে মত দিলে ফান্ডটির ট্রাস্টি বিধি অনুসারে অবসায়নের উদ্যোগ নিয়েছে। ২০২৫ সালের ২২ ডিসেম্বর স্টক এক্সচেঞ্জে ফান্ডটির লেনদেনের শেষ দিন নির্ধারিত ছিল এবং এর পরদিন ২৩ ডিসেম্বর ছিল রেকর্ড ডেট। রেকর্ড ডেটে যেসব ইউনিটহোল্ডারের কাছে ফান্ডটির ইউনিট ছিল তারাই প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর অবসায়নমূলক অর্থপ্রাপ্তির জন্য বিবেচিত হবেন।

স্টক এক্সচেঞ্জে ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ানের লেনদেনের শেষ দিন ২০২৫ সালের ২২ ডিসেম্বর বাজারমূল্যের ভিত্তিতে ফান্ডটির এনএভি দাঁড়িয়েছে ৮ টাকা ৬৭ পয়সায়, ক্রয়মূল্যের ভিত্তিতে যা ১০ টাকা ৩ পয়সা।

ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান সর্বশেষ ৩০ সেপ্টেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে ইউনিটহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। আলোচ্য হিসাব বছরে ফান্ডটির ইউনিটপ্রতি লোকসান হয়েছে ১০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ২২ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে ক্রয়মূল্যের ভিত্তিতে ফান্ডটির ইউনিটপ্রতি এনএভি দাঁড়িয়েছে ১০ টাকা ৩ পয়সায়, বাজারমূল্যের ভিত্তিতে যা ৯ টাকা ৫৫ পয়সা।

২০২৪ হিসাব বছরে ইউনিটহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি ফান্ডটির ট্রাস্টি। আলোচ্য হিসাব বছরে ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ানের ইউনিটপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ২২ পয়সা। আগের হিসাব বছরে ইউনিটপ্রতি আয় ছিল ২০ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৪ শেষে ক্রয়মূল্যের ভিত্তিতে ফান্ডটির এনএভি দাঁড়িয়েছে ৯ টাকা ৬২ পয়সায়, বাজারমূল্যের ভিত্তিতে যা ৯ টাকা ৬৫ পয়সা।

২০২৩ হিসাব বছরে ইউনিটহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল ফান্ডটির ট্রাস্টি। আলোচ্য হিসাব বছরে ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ানের ইউনিটপ্রতি আয় হয়েছে ২০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫১ পয়সা।

আরও