ইউক্রেনের আকাশে ফিরতে চায় ইউরোপীয় এয়ারলাইনস

হাঙ্গেরিয়ান বাজেট ক্যারিয়ার উইজ এয়ার সম্প্রতি জানিয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির ঘোষণা এলে দ্রুত কিয়েভের সঙ্গে আকাশ যোগাযোগ চালুর পরিকল্পনা করছে।

হাঙ্গেরিয়ান বাজেট ক্যারিয়ার উইজ এয়ার সম্প্রতি জানিয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির ঘোষণা এলে দ্রুত কিয়েভের সঙ্গে আকাশ যোগাযোগ চালুর পরিকল্পনা করছে। গত মঙ্গলবার কিয়েভ আয়োজিত ‘লজিস্টিকস অ্যাজ আ ড্রাইভার অব ইকোনমিক গ্রোথ’ কনফারেন্সে তথ্য দেন এয়ারলাইনস সংস্থাটির সিইও জোসেফ ভারাদি। এ সময় আকাশ পরিষেবা খাতে ইউক্রেনের বাজারের সম্ভাবনা নিয়েও কথা বলেন তিনি। খবর আরটি।

জোসেফ ভারাদি বলেন, ‘ইউক্রেন পুনরায় ফ্লাইট চালুর আমাদের দৃঢ় পরিকল্পনা রয়েছে। আমি মনে করি এটি যেকোনো মুহূর্তে ঘটতে পারে। যত তাড়াতাড়ি যুদ্ধবিরতির ঘোষণা আসবে, আমরা পুনরায় ফ্লাইট চালুর দিকে মনোযোগ দেব।’

ইউরোপীয় ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সির (ইএএসএ) পূর্বাভাস অনুসারে, যুদ্ধবিরতি ঘোষণার পর ইউক্রেনের আকাশসীমা পুনরায় খোলার জন্য ছয়-আট সপ্তাহ সময় লাগতে পারে। উইজ এয়ারের সিইও জানান, এ সময়সীমার মধ্যে ফ্লাইট চালুর জন্য তারা প্রস্তুতি শুরু করেছেন।

জোসেফ ভারাদির তথ্যানুযায়ী, এয়ারলাইনস সংস্থাটি কিয়েভ ও লভিভে অপারেটিং বেস পুনরায় চালু করার পরিকল্পনা করেছে। একই সঙ্গে ইউক্রেনীয় বাজারের সঙ্গে যুক্ত ৬০টি রুটে বছরে প্রায় ৫০ লাখ আসন সরবরাহ করতে চাইছে।

২০২১ সালে ১০ শতাংশ হিস্যা নিয়ে ইউক্রেনীয় এয়ারলাইনস বাজারে তৃতীয় অবস্থানে ছিল বাজেট ক্যারিয়ার উইজ এয়ার। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার সঙ্গে সংঘাত তীব্র হলে বেসামরিক ফ্লাইটের জন্য আকাশসীমা বন্ধ করে দেয় ইউক্রেন।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির লক্ষণ দেখা যাচ্ছে। এরই মধ্যে কয়েক দফায় দেশ দুটির ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে বসেছে। এতে জ্বালানি ও কৃষ্ণসাগরকেন্দ্রিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দেশ দুটি।

আরও