বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন

৫ শতাংশ ডাউন পেমেন্ট দিয়েই এক্সিট সুবিধার আবেদন করা যাবে

একসঙ্গে ব্যাংকের ঋণ পরিশোধ করে এক্সিট সুবিধার আবেদনের ডাউনপেমেন্টে ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

একসঙ্গে ব্যাংকের ঋণ পরিশোধ করে এক্সিট সুবিধার আবেদনের ডাউনপেমেন্টে ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক থেকে গতকাল জারীকৃত এক প্রজ্ঞাপনে বলা হয়, এখন থেকে বিদ্যমান ঋণস্থিতির ন্যূনতম ৫ শতাংশ ডাউনপেমেন্ট নগদে জমা দিয়ে এক্সিট সুবিধার জন্য আবেদন করা যাবে। পূর্বে এ ধরনের আবেদনের আগে ১০ শতাংশ অর্থ জমা দেয়ার বিধান ছিল।

গত বছরের ৮ জুলাই কেন্দ্রীয় ব্যাংক থেকে ‘অনাদায়ী ঋণ আদায় বা সমন্বয়ে এক্সিট সংক্রান্ত নীতিমালা’ জারি করা হয়। ওই নীতিমালায় কিছু সংশোধনী এনে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ৮ জুলাই জারীকৃত প্রজ্ঞাপনের ২(গ), ২(ঘ) ও ৩(চ) অনুচ্ছেদে নতুন নীতি প্রতিস্থাপন হবে। এ বিষয়ে বলা হয়, বিদ্যমান ঋণস্থিতির ন্যূনতম ৫ শতাংশ ডাউন পেমেন্ট নগদে পরিশোধ করে এক্সিট সুবিধা প্রাপ্তির আবেদন করতে হবে। ঋণগ্রহীতার আবেদন প্রাপ্তির ৬০ দিনের মধ্যে ব্যাংক কর্তৃক তা নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। ব্যাংকের পরিচালনা পর্ষদ বা নির্বাহী কমিটি কর্তৃক এক্সিট সুবিধা অনুমোদিত হতে হবে। তবে মূল ঋণ অনূর্ধ্ব ২০ লাখ টাকা পর্যন্ত এক্সিট সুবিধা প্রদানের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ওপর অর্পণ করা যাবে। এক্সিট সুবিধা প্রাপ্ত ঋণ হিসাব কোনো অবস্থাতেই পুনঃতফসিলীকরণ বা পুনর্গঠন করা যাবে না। এ সুবিধা প্রাপ্তির পর গ্রাহক পাওনা পরিশোধে ব্যর্থ হলে ঋণ আদায়ে ব্যাংক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

আরও