কেপিএমজির কর্মশালায় বক্তারা

ঋণের পর্যাপ্ত বাস্তবভিত্তিক তথ্যের ঘাটতি চ্যালেঞ্জ তৈরি করতে পারে

দেশের ব্যাংক খাতে আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান (আইএফআরএস) ৯ অনুসারে সম্পদ শ্রেণীকরণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

দেশের ব্যাংক খাতে আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান (আইএফআরএস) ৯ অনুসারে সম্পদ শ্রেণীকরণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ২০২৭ সালের মধ্যে এটি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা রয়েছে। ব্যাংক খাতে আইএফআরএস বাস্তবায়নের ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে ঋণের পর্যাপ্ত বাস্তবভিত্তিক তথ্যের ঘাটতি। রাজধানীর একটি হোটেলে গতকাল ‘‌আইএফআরএস ৯ ঋণের সম্ভাব্য ক্ষতিভিত্তিক সঞ্চিতি সংরক্ষণ’ শীর্ষক এক কারিগরি কর্মশালায় বক্তাদের আলোচনায় এ বিষয় উঠে আসে। আন্তর্জাতিক নিরীক্ষা প্রতিষ্ঠান কেপিএমজি ইন্টারন্যাশনালের সদস্য প্রতিষ্ঠান রহমান রহমান হক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস এ কর্মশালার আয়োজন করেছে।

স্থানীয় ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুসারে ঋণের সম্ভাব্য ক্ষতি (ইসিএল) মডেল কার্যকর করতে সহায়তার জন্য কেপিএমজির বৈশ্বিক অভিজ্ঞতা ও ব্যবহারিক কৌশল বিনিময় করাই ছিল এ সেশনের মূল উদ্দেশ্য। এতে বিভিন্ন তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী, প্রধান অর্থ কর্মকর্তা, প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা এবং ঋণ ও অর্থ বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রহমান রহমান হক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের জ্যেষ্ঠ অংশীদার আদিব এইচ খান বলেন, ‘আইএফআরএস ৯ কেবল একটি অ্যাকাউন্টিং পরিবর্তন নয়, এটি ব্যাংকগুলো কীভাবে ঝুঁকি ও সিদ্ধান্ত গ্রহণকে দেখে তার একটি মৌলিক পরিবর্তন। এটি ভবিষ্যৎমুখী, ডাটানির্ভর ও সুশৃঙ্খল ঝুঁকি ব্যবস্থাপনার ওপর প্রতিষ্ঠিত।’

প্রতিষ্ঠানটির অংশীদার মোহাম্মদ মেহেদী হাসান বলেন, ‘ব্যাংক খাতের খেলাপি ঋণের ৫০-৬০ শতাংশই দেশের বাইরে পাচার হয়ে গেছে। আইএফআরএস ৯ বাস্তবায়নের ক্ষেত্রে এটিকেও বিবেচনায় নিতে হবে।’

কর্মশালায় কেপিএমজি শ্রীলংকার অংশীদার রাধিতা আলাহাকুন ও কেপিএমজি ভারতের অংশীদার প্রীতি সাহারান আইএফআরএস ৯ বাস্তবায়নের ক্ষেত্রে বৈশ্বিক অভিজ্ঞতা তুলে ধরেন।

আরও