দেশজুড়ে ক্যাশলেস লেনদেনের পরিধি বাড়াতে নির্বাচিত খুচরা মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর সেবা চালু করেছে এনসিসি ব্যাংক পিএলসি। প্রাথমিকভাবে উত্তরার সোনারগাঁও জনপথ সড়ক, টঙ্গীর চেরাগ আলী বাসস্ট্যান্ড সংলগ্ন সিরামিক মার্কেট ও সাভার নিউ মার্কেটের প্রায় ২০০টি খুচরা মার্চেন্টে এ সেবা মিলবে। এর ফলে এসব এলাকার ছোট ব্যবসায়ী, দোকান মালিক ও ক্রেতারা নগদ অর্থের পরিবর্তে কিউআর কোড স্ক্যান করে সহজে লেনদেন করতে পারবেন। ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
সম্প্রতি নির্বাচিত মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর সেবার উদ্বোধন করেন এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম শামসুল আরেফিন। এ সময় উপব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান; এসইভিপি (করপোরেট ব্যাংকিং) মোহাম্মদ তারিকুল আমিন এবং ইভিপি ও হেড অব অপারেশনস একেএম জাহিদুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলা কিউআরের মাধ্যমে গ্রাহকরা যেকোনো ব্যাংক বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অ্যাপ ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন। অন্যদিকে মার্চেন্টরা একটি অভিন্ন কিউআর কোডের মাধ্যমে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের কাছ থেকে আন্তঃব্যাংক ডিজিটাল পেমেন্ট গ্রহণ করতে পারবেন।
এনসিসি ব্যাংকের এমডি এম শামসুল আরেফিন বলেন, ‘বাংলা কিউআর চালুর মাধ্যমে দেশের ডিজিটাল ও ক্যাশলেস লেনদেনকে আরো সুলভ করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছি আমরা। বিশেষ করে ছোট ব্যবসায়ী ও খুচরা মার্চেন্টদের ডিজিটাল লেনদেনের মূলধারায় আনা আমাদের অন্যতম অগ্রাধিকার।’
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, এ ব্যবস্থায় নগদ অর্থ বহন ও ব্যবহারের ঝুঁকি কমার পাশাপাশি প্রতিটি লেনদেনের ডিজিটাল রেকর্ড সংরক্ষিত থাকবে। ফলে ছোট ও খুচরা ব্যবসায়ীদের লেনদেন ব্যবস্থায় স্বচ্ছতা বাড়বে এবং নগদনির্ভরতা কমানোর সুযোগ তৈরি হবে।