ভিয়েতনামের বাজারে বেড়েছে কফির দাম

ভিয়েতনামে চলতি সপ্তাহে কফির দাম বেড়েছে। মূলত সরবরাহ কমে যাওয়ায় পণ্যটির দাম বেড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ভিয়েতনামে চলতি সপ্তাহে কফির দাম বেড়েছে। মূলত সরবরাহ কমে যাওয়ায় পণ্যটির দাম বেড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খবর বিজনেস রেকর্ডার।

ভিয়েতনামের সেন্ট্রাল হাইল্যান্ডস অঞ্চলের কৃষকরা চলতি সপ্তাহে প্রতি কেজি কফি ১ লাখ ২১ হাজার থেকে ১ লাখ ২৩ হাজার ডংয়ে (৪ ডলার ৫৯ সেন্ট থেকে ৪ ডলার ৬৬ সেন্ট) বিক্রি করেছেন। দেশটিতে কফির এ দাম মে মাসের পর সর্বোচ্চ।

এ বিষয়ে এক বাণিজ্যসংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন, ‘অভ্যন্তরীণ দাম গত সপ্তাহে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যদিও মৌসুমের শেষের সময় সরবরাহ সংকটে আমদানি-রফতানি এখনো ধীরগতিতে চলছে।

তিনি বলেন, ‘‌বর্তমান আবহাওয়া নতুন গাছের জন্য উপযোগী।’

এদিকে ইন্দোনেশিয়ায় ভারি বর্ষণ কফির ফল বৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। এতে ভবিষ্যতে দামে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

অন্যদিকে ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) চলতি মাসের শুরু থেকে এখন পর্যন্ত অ্যারাবিকা কফির দাম প্রায় ২৬ শতাংশ বেড়েছে। সাপ্তাহিক লেনদেনের শেষদিন শুক্রবার বেচাকেনার এক পর্যায়ে পণ্যটির দাম পাউন্ডপ্রতি ৩ ডলার ৭০ সেন্টে পৌঁছে, যা গত আড়াই মাসে সর্বোচ্চ।

বাজার বিশ্লেষকরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ব্রাজিল থেকে আমদানীকৃত কফির ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করায় মজুদ কমে গেছে। এছাড়া ব্রাজিলে সাম্প্রতিক ঠাণ্ডা আবহাওয়া আগামী মৌসুমের ফসল উৎপাদন হ্রাসের আশঙ্কা তৈরি করেছে। কফি কো-অপারেটিভ এক্সপোকাসের এক প্রতিবেদনে বলা হয়, সেরাদো মাইনেইরো অঞ্চলে শৈত্যপ্রবাহের কারণে প্রায় ৪ লাখ ১২ হাজার ব্যাগ, অর্থাৎ ৫ দশমিক ৫ শতাংশ উৎপাদন কমতে পারে।

অন্যদিকে রোবাস্তা কফির দামও বেড়ে টনপ্রতি ৪ হাজার ৫৮৩ ডলারে দাঁড়িয়েছে।

আরও