এপ্রিল-জুন

একাধিক কোম্পানির সব শেয়ার বিক্রি সৌদি আরবের পিআইএফের

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) মেটা, শপিফাই ও পেপ্যালে থাকা নিজেদের সব শেয়ার বিক্রি করে দিয়েছে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ)।

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) মেটা, শপিফাই ও পেপ্যালে থাকা নিজেদের সব শেয়ার বিক্রি করে দিয়েছে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ)। মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) জমা দেয়া নথি থেকে এসব তথ্য জানিয়েছে সার্বভৌম সম্পদ তহবিলটি। খবর অ্যারাবিয়ান বিজনেস।

প্রতিবেদন অনুসারে, চীনের অনলাইন রিটেইল জায়ান্ট আলিবাবা গ্রুপ, ব্রাজিলের ব্যাংকিং কোম্পানি নু হোল্ডিংস ও মার্কিন লজিস্টিকস কোম্পানি ফেডএক্সের শেয়ারও বিক্রি করেছে পিআইএফ।

জুনে শেষ হওয়া প্রান্তিকে মার্কিন পুঁজিবাজারে কল অপশনসহ পিআইএফের মোট এক্সপোজারের আকার ছিল প্রায় ২ হাজার ৩৮০ কোটি ডলার। যেখানে জানুয়ারি-মার্চ প্রান্তিকের ২ হাজার ৫৫০ কোটি ডলারের তুলনায় শেয়ারমূল্য কমেছে ১৭০ কোটি ডলার।

মার্চ শেষে পিআইএফের পোর্টফোলিওতে অন্তর্ভুক্ত ছিল মেটার ৬ লাখ ৬৭ হাজার ৯৯৬, শপিফাইয়ের ১২ লাখ ৫০ হাজার, নু হোল্ডিংসের ৬৮ লাখ ৩০ হাজার ক্লাস এ শেয়ার।

এছাড়া ছিল পেপ্যালের ১৭ লাখ ৬০ হাজার ও ফেডএক্সের ৪ লাখ ৯৮ হাজার ১৬৪টি সাধারণ শেয়ার এবং আলিবাবার ১৬ লাখ ১০ হাজার এডিএস।

বাজারমূল্যের দিক দিয়ে পিআইএফের সবচেয়ে গুরুত্বপূর্ণ হোল্ডিং ছিল রাইড শেয়ারিং অ্যাপ কোম্পানি উবার, বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা লুসিড এবং ভিডিও গেম নির্মাতা ইলেকট্রনিক আর্টস (ইএ)।

এর মধ্যে উবারের ৭ কোটি ২৮ লাখ ৪০ হাজার শেয়ারমূল্য প্রায় ৬৮০ কোটি ডলার। লুসিডের ১৭৭ কোটি শেয়ারমূল্য ৩৭৪ কোটি ডলার। এছাড়া ইএর ২ কোটি ৪৮ লাখ শেয়ারমূল্য ছিল প্রায় ৩৯ লাখ ৬ হাজার ডলার।

আরও