জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সরকারি-বেসরকারি অংশীদারত্ব পদ্ধতিতে প্রথমবারের মতো সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ ও এশীয় উন্নয়ন ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। রোববার (২৯ জুন) বেজার কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, এশীয় উন্নয়ন ব্যাংকের বাংলাদেশ প্রতিনিধি হো ইউন জিয়ং ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সরকারি-বেসরকারি অংশীদারিত্ব কর্তৃপক্ষসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি।
এই চুক্তির আওতায় ফেনীর সোনাগাজী উপজেলায় ১০০ থেকে ২০০ মেগাওয়াট ক্ষমতার সৌর বিদ্যুৎকেন্দ্র ও ব্যাটারি শক্তি সংরক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। প্রকল্পটি হবে দেশের প্রথম সৌর বিদ্যুৎ প্রকল্প যা সরকারি-বেসরকারি অংশীদারত্ব কাঠামোয় বাস্তবায়ন হবে। সরকার ঘোষিত নবায়নযোগ্য জ্বালানি নীতি অনুযায়ী এটি কার্বন নিঃসরণ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বেজার নির্বাহী চেয়ারম্যান বলেন, এটি বেজা ও সরকারের জন্য এক বড় অগ্রগতি। তিনি জানান, দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সমীক্ষা শেষ করে দেশী-বিদেশী বিনিয়োগকারীদের কাছে প্রকল্পটি তুলে ধরার আহ্বান জানানো হয়েছে।
চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন আরো বলেন, এটি কার্বন নিঃসরণ শূন্য করার ঘোষণার বাস্তবায়নে বড় অবদান রাখবে।
এশীয় উন্নয়ন ব্যাংকের প্রতিনিধি হো ইউন জিয়ং বলেন, প্রকল্পটি দেশের জন্য নতুন দিকনির্দেশনা তৈরি করবে। প্রথমবারের মতো এতে ব্যাটারি শক্তি সংরক্ষণ ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হচ্ছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা তৈরি হবে। একই সঙ্গে এটি টেকসই অবকাঠামো নির্মাণে উৎসাহ জোগাবে।
প্রকল্প বাস্তবায়নের জন্য বেজার মালিকানাধীন ৪০০ একর জমিতে স্থান নির্ধারণ করা হয়েছে। সরকারি-বেসরকারি অংশীদারিত্ব প্রকল্প নীতিমালা অনুসারে অনুমোদনপ্রাপ্ত এই প্রকল্পে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ট্যারিফ নির্ধারণ করা হবে। এশীয় উন্নয়ন ব্যাংক সম্ভাব্যতা যাচাই, অর্থনৈতিক বিশ্লেষণ, পরিবেশগত প্রভাব মূল্যায়ন ও টেন্ডার সহায়তা দেবে। এই প্রকল্প শিল্পাঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানিতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে সহায়ক হবে।
—বিজ্ঞপ্তি