ডেবিট কার্ড ব্যবহারকারীরা পাবেন কার্বন নিঃসরণের তথ্য

কেনাকাটার মাধ্যমে গ্রাহকরা কী পরিমাণ কার্বন নিঃসরণ করছে, তা জানানোর উদ্যোগ নিয়েছে জাপানে ডেবিট কার্ড পরিষেবা দাতা রেসোনা হোল্ডিংস।

কেনাকাটার মাধ্যমে গ্রাহকরা কী পরিমাণ কার্বন নিঃসরণ করছে, তা জানানোর উদ্যোগ নিয়েছে জাপানে ডেবিট কার্ড পরিষেবা দাতা রেসোনা হোল্ডিংস। এর মাধ্যমে পরিবেশবান্ধব লেনদেনে উৎসাহ দিতে চায় সংস্থাটি। খবর জাপান টুডে।

ডেবিট কার্ড ব্যবহারকারীদের জন্য আগামী বছরের প্রথমার্ধে পরিষেবাটি চালু করতে যাচ্ছে রেসোনা। যেখানে অ্যাপের মাধ্যমে নিজেদের কেনাকাটা থেকে পরিবেশে ঠিক কী পরিমাণ কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ হচ্ছে, তা জানতে পারবেন গ্রাহকরা।

একই অ্যাপে জাপানের চারটি স্থানীয় ব্যাংক যুক্ত থাকবে। যেখানে ডেবিট কার্ড ব্যবহারকারীরা তাদের কেনা পণ্য, সেবার উৎপাদন ও সরবরাহ প্রক্রিয়ায় কতটুকু কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ হয়েছে, তার আনুমানিক হিসাব দেখতে পারবেন। এর মাধ্যমে গ্রাহকরা আরো পরিবেশবান্ধব সিদ্ধান্ত গ্রহণে আগ্রহী বলে মত কোম্পানিটির।

ব্যবহারকারীদের কার্বন ফুটপ্রিন্ট কমানোর পরামর্শও দেবে অ্যাপটি। যেমন ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের উপকারিতা তুলে ধরা হবে। এছাড়া কার্ড ব্যবহারের ওপর ভিত্তি করে পরিবেশ সুরক্ষায় আর্থিক অনুদান দেয়ার পরিকল্পনা রয়েছে রেসোনা হোল্ডিংসের।

জাপানের রেসোনা হোল্ডিংসের আওতায় থাকা চারটি ব্যাংক হলো রেসোনা ব্যাংক, সাইতামা রেসোনা ব্যাংক, কানসাই মিরাই ব্যাংক ও মিনাতো ব্যাংক।

জাপানে কেনাকাটার ক্ষেত্রে বেশির ভাগ মানুষই নগদ লেনদেন বেছে নেন। রেসোনার মতে, তাদের উদ্যোগ দেশটিতে ক্যাশলেস পেমেন্টের ব্যবহার বাড়াতে ভূমিকা রাখবে।

দেশটিতে ডিজিটাল পেমেন্টের ব্যবহার বাড়াতে কাজ করে আসছে জাপান পেমেন্টস অ্যাসোসিয়েশন। সংস্থাটির তথ্যানুযায়ী, কয়েন ও নোট উৎপাদনের প্রয়োজন না থাকায় ক্যাশলেস পেমেন্টে নগদ লেনদেনের তুলনায় এক-তৃতীয়াংশ কম কার্বন ডাই-অক্সাইড নির্গত হয়।

রেসোনা হোল্ডিংসের নির্বাহী কর্মকর্তা হিদেফুমি কাওয়াবে বলেন, ‘আমরা চাই, প্রতিদিনের কেনাকাটা থেকেই কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগ নেয়া হোক।’

আরও