বাণিজ্য লক্ষ্য অর্জনে পাকিস্তান-বাংলাদেশের ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে —বাণিজ্য উপদেষ্টা

পাকিস্তান ও বাংলাদেশ জনবহুল দেশ হওয়া সত্ত্বেও দুই দেশের মধ্যে যে বাণিজ্য, তা প্রত্যাশিত নয়।

পাকিস্তান ও বাংলাদেশ জনবহুল দেশ হওয়া সত্ত্বেও দুই দেশের মধ্যে যে বাণিজ্য, তা প্রত্যাশিত নয়। কাঙ্ক্ষিত বাণিজ্য লক্ষ্য অর্জনে দুই দেশের ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে। ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে গতকাল আয়োজিত পাকিস্তান-বাংলাদেশ বিজনেস ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এ সময় বাংলাদেশে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ, এফবিসিসিআইর প্রশাসক মো. হাফিজুর রহমান ও বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শেখ বশিরউদ্দীন বলেন, ‘পাকিস্তান-বাংলাদেশ বিজনেস ফোরাম দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক শক্তিশালীকরণ এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দুই দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বাণিজ্য সংস্থাগুলোর মধ্যে সংযোগ স্থাপন, বাণিজ্য প্রসার এবং বিনিয়োগের সুযোগ অন্বেষণের প্লাটফর্ম হিসেবে এটি কাজ করবে।’ এ সময় তিনি দুই দেশের জনগণের মধ্যে সংযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

বাণিজ্য উপদেষ্টা আরো বলেন, ‘দুই দেশের মধ্যে শুল্ক ও অশুল্ক বাধা নিয়ে আলোচনার পাশাপাশি সেগুলো কীভাবে যৌক্তিক করা যায় সেটি আমাদের বের করতে হবে।’

অনুষ্ঠানে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এবং পাকিস্তান রেডিমেড গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (পিআরজিএমইএ) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। বিজিএমইএর পক্ষে প্রশাসক মো. আনোয়ার হোসেন ও পিআরজিএমইএর ভাইস চেয়ারম্যান আমির রিয়াজ ছোট্টানি চুক্তিতে স্বাক্ষর করেন।

আরও