ডলারের নিম্নমুখী বিনিময় হার ও বৈশ্বিক চাহিদার সম্ভাব্য উন্নতির ফলে শুক্রবার তামাসহ অন্যান্য ব্যবহারিক ধাতুর দাম বেড়েছে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, বাণিজ্য উত্তেজনা হ্রাসের সম্ভাবনা এ বৃদ্ধির পেছনে ইতিবাচক ভূমিকা রেখেছে। খবর বিজনেস রেকর্ডার।
লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) সাপ্তাহিক লেনদেনের শেষদিনে তিন মাসের সরবরাহ চুক্তিতে তামার দাম বেড়েছে দশমিক ৮ শতাংশ। প্রতি টনের মূল্য পৌঁছেছে ৯ হাজার ৫৭৩ ডলার ৫০ সেন্টে। এছাড়া লন্ডনে চলতি মাসের শুরু থেকে এখন পর্যন্ত তামার দাম ৫ শতাংশ বেড়েছে।
কমোডিটি মার্কেট অ্যানালিটিকসের ব্যবস্থাপনা পরিচালক ড্যান স্মিথ বলেন, ‘যুক্তরাষ্ট্র ও চীনের শুল্ক বিরতির কারণে বৈশ্বিক বাণিজ্য উত্তেজনা কিছুটা কমেছে। এছাড়া চীনের সাম্প্রতিক ম্যাক্রো অর্থনৈতিক ডাটাও বেশ ইতিবাচক। সব মিলিয়ে ব্যবহারিক ধাতু খাতে বিনিয়োগ প্রবণতা বাড়ছে।’
এদিকে সাংহাই ফিউচার এক্সচেঞ্জে (এসএইচএফই) তামার মজুদ চলতি সপ্তাহে ৯ শতাংশ কমেছে। এ সময় মোট মজুদ দাঁড়িয়েছে ৯৮ হাজার ৬৭১ টনে।
অন্যান্য ধাতুর বাজারেও গত শুক্রবার ইতিবাচক প্রবণতা দেখা গেছে। এ সময় অ্যালুমিনিয়ামের দাম বেড়েছে দশমিক ৫ শতাংশ। প্রতি টনের মূল্য পৌঁছেছে ২ হাজার ৪৬৭ ডলার ৫০ সেন্টে। এ সময় দস্তা ও নিকেলের দাম বেড়েছে দশমিক ২ শতাংশ। টনপ্রতি মূল্য দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ৭০১ ডলার ৫০ সেন্ট ও ১৫ হাজার ৫২৫ ডলারে।