এসঅ্যান্ডপির রেটিং

২০ বছর পর ঋণমানে দক্ষিণ আফ্রিকার অগ্রগতি

দুই দশক পর প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার ঋণমান উন্নীত করেছে এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস।

দুই দশক পর প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার ঋণমান উন্নীত করেছে এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস। দেশটির নানা সংস্কার উদ্যোগ ও রাজস্ব আদায় বৃদ্ধির প্রেক্ষাপটে সার্বভৌম ঋণমান এক ধাপ বাড়িয়ে বিবি করেছে বৈশ্বিক রেটিং সংস্থাটি। একে দেশটির অর্থনীতির জন্য উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে বিবেচনা করছেন অর্থনীতিবিদরা। খবর এফটি।

এসঅ্যান্ডপির তথ্যানুযায়ী দক্ষিণ আফ্রিকার বৈদেশিক মুদ্রার রেটিং বিবি মাইনাস থেকে বেড়ে বিবি হয়েছে। স্থানীয় মুদ্রার রেটিংও এক ধাপ বাড়িয়ে বিবি প্লাস করা হয়েছে। যদিও এখনো এটি বিনিয়োগযোগ্য গ্রেডে পৌঁছায়নি। তবে সংস্থাটি বলেছে, দক্ষিণ আফ্রিকার সাম্প্রতিক আর্থিক অগ্রগতি ভবিষ্যতে আরো উন্নতির সুযোগ তৈরি করেছে।

দেশটির মধ্যমেয়াদি বাজেট প্রতিবেদন উল্লেখ করে এসঅ্যান্ডপি বলেছে, দক্ষিণ আফ্রিকার সরকারি ঋণের চাপ নিয়ন্ত্রণে আসছে। এর সঙ্গে শক্তিশালী রাজস্ব সংগ্রহ ও উন্নত আর্থিক ব্যবস্থাপনার কারণে ঋণমান উন্নীতের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

একসময় বিদ্যুৎ সংকট, রাজনৈতিক অস্থিরতা ও শাসক দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) অভ্যন্তরীণ সংকটে দক্ষিণ আফ্রিকার অর্থনীতি মারাত্মকভাবে বিপর্যস্ত ছিল। তবে প্রেসিডেন্ট সিরিল রামাফোসার নেতৃত্বে বেশকিছু কাঠামোগত সংস্কার এবং জোট সরকারের কিছু উদ্যোগে পরিস্থিতির উন্নতি হয়েছে। ফলে আবারো বিনিয়োগযোগ্য রেটিং ফিরে পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

বিদ্যুৎ খাতে দক্ষিণ আফ্রিকায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানি এসকম চলতি বছর লোডশেডিং এড়াতে বড় ধরনের সক্ষমতা দেখিয়েছে। টানা আট বছর লোকসান ও সরকারি সহায়তার ওপর নির্ভরশীল থাকার পর এবার প্রতিষ্ঠানটি মুনাফা দেখিয়েছে, যা সরকারের ওপর আর্থিক চাপ কমিয়েছে।

তবে এখনো উদ্বেগ পুরোপুরি কাটেনি। বিশেষজ্ঞরা বলছেন, অপরাধপ্রবণতা এবং সরকারি-বেসরকারি উভয় খাতেই দুর্নীতি বিনিয়োগকারীদের দুশ্চিন্তা বাড়াচ্ছে। এসঅ্যান্ডপি জানিয়েছে, দক্ষিণ আফ্রিকা সরকারের মোট ঋণ ধীরগতিতে কমে ২০২৮ সালে জিডিপির প্রায় ৭৫ শতাংশে নেমে আসতে পারে। আগামী তিন বছর ঋণের সুদ বাবদ রাজস্বের বড় অংশ ব্যয় হবে বলেও সতর্ক করেছে সংস্থাটি।

সাম্প্রতিক সময়ে চোখে পড়ার মতো ইতিবাচক কিছু অগ্রগতি দেখা গেছে দক্ষিণ আফ্রিকায়। দেশটিকে ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্সের গ্রে তালিকা থেকে বাদ দেয়া হয়েছে, যা বৈশ্বিক আস্থা বাড়িয়েছে। এছাড়া চলতি সপ্তাহে প্রথমবারের মতো শতকের মধ্যে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা কমিয়ে ৩ শতাংশ করেছে, ফলে স্থানীয় মুদ্রা র‌্যান্ডের মান আরো শক্তিশালী হয়েছে।

এসঅ্যান্ডপি আশা করছে, চলতি বছর দক্ষিণ আফ্রিকার জিডিপি প্রবৃদ্ধি ১ দশমিক ১ শতাংশ হবে, যা ২০২৪ সালের দশমিক ৫ শতাংশ থেকে বেশি। এছাড়া আর্থিক বাজারেও দেশটি বেশ ভালো অবস্থানে রয়েছে।

আরও