যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির সাবওয়ে ব্যবস্থার জন্য ১৫০ কোটি ডলারের রেলচুক্তি পেতে যাচ্ছে জাপানি কোম্পানি কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রিজ। নতুন চুক্তির আওতায় ৩৭৮টি সাবওয়ে রেলকার তৈরি করবে কোম্পানিটি। এসব ট্রেন নিউইয়র্ক সিটি ট্রানজিট কর্তৃপক্ষের হাতে পৌঁছবে ২০২৮ থেকে ২০৩০ সালের মধ্যে। সাবওয়ে কারগুলো যুক্তরাষ্ট্রের নেব্রাস্কায় কাওয়াসাকির রেলকার কারখানায় তৈরি হবে। প্রতিটি কারে যুক্ত করা হবে নজরদারি ক্যামেরা ও ডিজিটাল ডিসপ্লে। থাকবে প্রশস্ত দরজা, যাতে যাত্রীদের ওঠানামা আরো সহজ হয়। কিছু যন্ত্রাংশ জাপানে তৈরি হলেও অধিকাংশ উপকরণ সংগ্রহ করা হবে স্থানীয়ভাবে। আগের মডেল–আর–২১১-এর নকশা অনুসরণ করায় খরচ অনেক কমবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। নিউইয়র্ক ১৯৮২ সাল থেকে কাওয়াসাকির কাছ থেকে ২ হাজার ২০০টির বেশি সাবওয়ে কার কিনেছে। নতুন এ চুক্তি বাস্তবায়ন হলে শহরের মোট রেলকারের অর্ধেকেরও বেশি হবে কাওয়াসাকির তৈরি, যা প্রতিষ্ঠানটির উত্তর আমেরিকায় সবচেয়ে বড় রেল প্রকল্পগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে। এর আগে ২০১৮ সালে কোম্পানিটি একই শহরের জন্য ১ হাজার ৬১০টি ট্রেন সরবরাহ করেছিল। কভিড-১৯ মহামারীর পর যাত্রী চলাচল আবার বাড়তে শুরু করে। এতে পুরনো ট্রেন বদলে নতুন প্রযুক্তিনির্ভর রেলকারের চাহিদা বেড়েছে। কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রিজ এখন জাপান, যুক্তরাষ্ট্র ও এশিয়ার বিভিন্ন শহরে মেট্রো ও দ্রুতগতির রেলকার তৈরি করছে। চলতি অর্থবছরে তাদের রেল ব্যবসার আয় আগের বছরের তুলনায় ১৩ শতাংশ বেড়েছে, যা কোম্পানির মোট আয়ের প্রায় ১০ শতাংশ। খবর নিক্কেই এশিয়া