জুলাই-মার্চ

ভোমরা স্থলবন্দর দিয়ে বেড়েছে আদা আমদানি কমেছে দাম

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে বেড়েছে আদা আমদানি।

২০২৪-২৫ অর্থবছরের প্রথম নয় মাসের তুলনায় চলতি অর্থবছরের প্রথম নয় মাসে আমদানি বেড়েছে ২৩ হাজার টনের বেশি।

ব্যবসায়ী ও আমদানিকারকরা বলছেন, দেশীয় বাজারে ভালো চাহিদা থাকায় মসলাজাত পণ্যটির আমদানি বেড়েছে।

এদিকে বন্দরে আমদানি বাড়ায় সাতক্ষীরার মসলা বাজারগুলোয় আদার দাম কমেছে। দুই সপ্তাহের ব্যবধানে খুচরা পর্যায়ে কেজিতে ১০ টাকা পর্যন্ত দাম কমেছে।

ভোমরা কাস্টমস হাউজের রাজস্ব শাখা থেকে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-মার্চ পর্যন্ত এ বন্দর দিয়ে ৯০ হাজার ৭৪৭ টন আদা আমদানি হয়েছে। যার মূল্য ছিল ১ হাজার ৮১ কোটি ৮৯ লাখ টাকা। গত অর্থবছরের একই সময় ৬৭ হাজার ৬৩১ টন আদা আমদানি হয়েছে, যার মূল্য ছিল ৮১৫ কোটি ৯০ লাখ টাকা। এ হিসাব অনুযায়ী এ বছর বন্দর দিয়ে আমদানি বেড়েছে ২৩ হাজার ১১৬ টন।

আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স রাফসান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আবু হাসান জানান, দেশীয় বাজারে ভালো চাহিদা থাকার পাশাপাশি ভারতে সরবরাহ বাড়ায় সম্প্রতি আদা আমদানি বেড়েছে।

গতকাল সাতক্ষীরা জেলা সদরের সুলতানপুর বড় বাজারের খুচরা পর্যায়ে প্রতি কেজি আদা বিক্রি হয়েছে ১১০ টাকা কেজি দরে, যা দুই সপ্তাহ আগে ছিল ১২০ টাকা।

সাতক্ষীরা জেলা কৃষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ বণিক বার্তাকে জানান, বাজারে সরবরাহ বাড়ায় আদাসহ পেঁয়াজ ও রসুনের দামও কমেছে।

আরও