গোল্ডম্যান স্যাকস

বিশ্বে অপরিশোধিত ইস্পাত উৎপাদনের শীর্ষে ভারত

বিশ্বের সবচেয়ে দ্রুতবর্ধনশীল প্রধান ইস্পাত উৎপাদনকারী দেশ হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে ভারত।

সম্প্রতি দেশটির অপরিশোধিত ইস্পাত উৎপাদন উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশ্ববাজারে যখন বড় অর্থনীতির অন্য দেশগুলো শিল্প উৎপাদন হ্রাস ও দুর্বল চাহিদার মুখোমুখি হচ্ছে, তখন ভারতের ইস্পাত খাত বৈশ্বিক বাজারে নিজেদের শক্তিশালী অবস্থান ও প্রবৃদ্ধি বজায় রেখেছে। আন্তর্জাতিক বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকসের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর দ্য বিজনেসলাইন।

সংস্থাটির সর্বশেষ ‘গ্লোবাল স্টিল: দ্য স্টিল মার্কেট ব্যারোমিটার-মে আপডেট’ শীর্ষক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের মার্চে ভারতের অপরিশোধিত ইস্পাত উৎপাদন বার্ষিক ভিত্তিতে ১১ শতাংশ বেড়েছে। চলতি বছরের শুরুর দিকে উৎপাদন ছিল ১০ শতাংশ এবং ফেব্রুয়ারিতে ছিল ৭ শতাংশ। এ ধারাবাহিক প্রবৃদ্ধি বিশ্ববাজারে ইস্পাতের একটি গুরুত্বপূর্ণ চাহিদা ও উৎপাদন কেন্দ্র হিসেবে ভারতের উত্থানকে আরো স্পষ্ট করে তুলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

গোল্ডম্যান স্যাকসের প্রতিবেদনে ভারতের এ শক্তিশালী সক্ষমতার সঙ্গে অন্য দেশের মন্দার চিত্র তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জাপান ও কৃষ্ণসাগরীয় অঞ্চলে অপরিশোধিত ইস্পাত উৎপাদন যথাক্রমে ৪ ও ৩ শতাংশ কমেছে। অন্যদিকে বিশ্বের বৃহত্তম ইস্পাত উৎপাদক দেশ চীন ক্রমাগত উৎপাদন সংকটের মধ্যে রয়েছে। ২০২৫ সালের মে মাসের তুলনায় ২০২৬ সালের মে মাসের প্রথম দুই সপ্তাহে চীনের ইস্পাত উৎপাদন ৩ দশমিক ২ শতাংশ কমেছে।

প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, চীনের দীর্ঘমেয়াদি ইস্পাত উৎপাদনক্ষমতা কমানোর পরিকল্পনা থাকলেও চলতি বছর তা বাস্তবায়নের গতি ধীর হয়ে গেছে।

শিল্প বিশেষজ্ঞরা মনে করেন, ভারতের অভ্যন্তরীণ পরিস্থিতির কারণে এ ধারাবাহিক প্রবৃদ্ধি বজায় রয়েছে। অবকাঠামো উন্নয়ন, দ্রুত নগরায়ণ, ম্যানুফ্যাকচারিং খাতের সম্প্রসারণ, গাড়ি উৎপাদন বৃদ্ধি ও নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের কারণে দেশটিতে ইস্পাতের চাহিদা অনেক বেশি। বিশেষজ্ঞরা বলছেন, এ ধারাবাহিক প্রবৃদ্ধি ভবিষ্যৎ বৈশ্বিক ইস্পাত চাহিদার অন্যতম চালিকাশক্তি হিসেবে ভারতকে প্রতিষ্ঠিত করছে।

আরও