যুক্তরাজ্যে প্রতি বছর ১০ লাখের বেশি গাড়ি বিক্রি হচ্ছে, যা সাধারণ পার্কিং স্পেসের তুলনায় আকারে অনেক বড়। ফলে দেখা দিচ্ছে পার্কিং সমস্যা। ক্রমেই এ সংখ্যা বাড়ছে বলে এক গবেষণায় উঠে এসেছে। খবর দ্য গার্ডিয়ান।
গবেষণায় আরো উঠে এসেছে, বড় গাড়ির প্রতি মানুষের ঝোঁক বাড়ার কারণে নতুন গাড়িগুলো শহর ও নগরের গাড়ি পার্কিং স্পেসে রাখতে সমস্যা হচ্ছে।
ক্লিন সিটিজ নামক এক প্রচারাভিযান নেটওয়ার্কের গবেষণায় দেখা গেছে, ২০২১ সালের পর থেকে যুক্তরাজ্যে প্রায় ৪৬ লাখ গাড়ি বিক্রি হয়েছে, যেগুলো শহরের গড় পার্কিং স্পেসের তুলনায় বড়।
ছোট গাড়িগুলোর তুলনায় বড় গাড়িগুলোর দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি বেশি হয়। কারণ এ গাড়িগুলোর ওজন বেশি হয় এবং সামনের অংশ উঁচু হওয়ায় দুর্ঘটনায় ভুক্তভোগীকে ধাক্কা দিয়ে দূরে ছিটকে ফেলার পরিবর্তে নিচে আটকে ফেলে। তাছাড়া এ গাড়িগুলো বাতাসও দূষিত করে বেশি।
ক্লিন সিটিজের যুক্তরাজ্য শাখার প্রধান অলিভার লর্ড বলেন, ‘প্রতি বছর গাড়িগুলোর আকার বড় হচ্ছে, কিন্তু আমাদের রাস্তাগুলোর নয়। তাই গাড়ি নির্মাতাদের স্বাভাবিক মাপের গাড়ি তৈরিকে অগ্রাধিকার দেয়া উচিত, যা সহজে পার্কিং করা যায় এবং পথচারীদের জন্যও কম বিপজ্জনক। যারা বিশাল এসইউভি (স্পোর্টস ইউটিলিটি ভেহিকল) কিনতে চান, তাদের বেশি অর্থ পরিশোধ করাটা ন্যায়সংগত।’
বড় এসইউভিগুলো (যেগুলো ১ দশমিক ৮ মিটারের বেশি চওড়া বা ৪ দশমিক ৮ মিটারের বেশি লম্বা) বেশির ভাগ পার্কিং স্পেসের চেয়ে খুব বড় হওয়া সত্ত্বেও ক্রমে জনপ্রিয় হচ্ছে। এগুলোর কারণে রাস্তায় গর্ত বেশি তৈরি হচ্ছে এবং জনসাধারণের জন্য এগুলো বেশি বিপজ্জনক। ২০২৪ সালে, রেকর্ড-সংখ্যক ১২ লাখ ১৩ হাজার ৩৮৫টি গাড়ি বিক্রি হয়েছে, যেগুলো ১ দশমিক ৮ মিটারের বেশি চওড়া।
তবে কিছু শহরে বড় গাড়িগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। প্যারিসে এসইউভি পার্কিংয়ের জন্য আলাদা তিন গুণ বেশি চার্জ করা হয়। লন্ডনের মেয়র সাদিক খানও এ পদক্ষেপে সমর্থন জানিয়েছেন।
সাটনের বাসিন্দা হ্যারিয়েট এডওয়ার্ডস বলেন, ‘পার্কিং স্পেসই শুধু সমস্যা নয়। এ বিশাল এসইউভিগুলোর কারণে আমি বা আমার পরিবারের যে কেউ গুরুতর দুর্ঘটনার শিকার হওয়ারও ঝুঁকি থাকে। যেহেতু এ গাড়িগুলোর কারণে দুর্ঘটনা বেশি ঘটে, রাস্তার ক্ষতি বেশি হয় এবং জায়গাও বেশি দখল করে, তাই বেশি চার্জ করা যৌক্তিক বলে আমি মনে করি।’
গত সপ্তাহে গ্রিন পার্টির পিয়ার জেনি জোন্স হাউজ অব লর্ডসে বহুদলীয় অ্যান্টি-এসইউভি জোট গঠনের উদ্যোগ নিয়েছেন। তিনি বলেন, ‘গত দুই দশকে এসইউভি বিক্রির হার বেড়েছে, অথচ শহরের রাস্তাগুলো এবং পার্কিং স্পেস অপরিবর্তিত রয়েছে।’
তিনি জানান, এসইউভির ব্যবহার নিরুৎসাহিত করতে প্যারিস পার্কিং চার্জ তিন গুণ বাড়িয়েছে। যুক্তরাজ্যের বাথ ও ইজলিংটন কাউন্সিলও একই ধরনের ব্যবস্থা নিয়েছে। সরকারকে অন্য কাউন্সিলগুলোকেও এমন উদ্যোগ নিতে উৎসাহিত করা উচিত। এসইউভি বেশি দূষণ ছড়ায় এবং সাধারণত ধনী ব্যক্তিরাই এগুলো কেনেন, ফলে নিম্নবিত্তদের ক্ষতির সম্মুখীন হতে হয়। চালকদের কাছে এসইউভি নিরাপদ মনে হলেও পথচারী ও সাইকেলচালকদের জন্য এগুলো তুলনামূলক বিপজ্জনক।