লভ্যাংশ বিতরণে অনিয়মে শাস্তিমূলক ব্যবস্থা নেবে বিএসইসি

বিএসইসির সভার সিদ্ধান্ত অনুযায়ী, বিদ্যমান নির্দেশনা অনুসারে তালিকাভুক্ত কোম্পানির পরিচালনা পর্ষদ বার্ষিক বা চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করলে তার সম্পূর্ণ অর্থ এজিএমের অন্তত একদিন আগে লভ্যাংশ বিতরণের জন্য সংরক্ষিত পৃথক ব্যাংক হিসাবে স্থানান্তর করতে হয়।

তালিকাভুক্ত কোম্পানির ঘোষিত নগদ লভ্যাংশ বিতরণে বিদ্যমান নির্দেশনা মানতে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সিকিউরিটিজ আইন ও বিধিবিধান অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে বার্ষিক সাধারণ সভায় (এজিএম) লভ্যাংশ প্রস্তাব উপস্থাপনের আগে ঘোষিত লভ্যাংশের সম্পূর্ণ অর্থ পৃথক ব্যাংক হিসাবে জমা এবং ব্যাংকের প্রত্যয়নপত্র উপস্থাপন বাধ্যতামূলক করতে বিদ্যমান নির্দেশনা সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। গতকাল বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ১০৩৩তম সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।

বিএসইসির সভার সিদ্ধান্ত অনুযায়ী, বিদ্যমান নির্দেশনা অনুসারে তালিকাভুক্ত কোম্পানির পরিচালনা পর্ষদ বার্ষিক বা চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করলে তার সম্পূর্ণ অর্থ এজিএমের অন্তত একদিন আগে লভ্যাংশ বিতরণের জন্য সংরক্ষিত পৃথক ব্যাংক হিসাবে স্থানান্তর করতে হয়। এ অর্থ স্থানান্তরের বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংক থেকে প্রত্যয়নপত্রও সংগ্রহ করতে হয়।

ব্যাংকের প্রত্যয়নপত্রটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, প্রধান অর্থ কর্মকর্তা ও কোম্পানি সচিবের সত্যায়ন নিয়ে এজিএমে উপস্থাপন এবং সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জে দাখিল করার বিধান রয়েছে। তবে সম্প্রতি কিছু ক্ষেত্রে এ নির্দেশনা যথাযথভাবে পরিপালন না করার ঘটনা কমিশনের নজরে এসেছে। এ পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রযোজ্য আইন ও বিধিবিধান অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

এছাড়া লভ্যাংশসংক্রান্ত প্রস্তাব এজিএমে উপস্থাপনের পূর্বশর্ত হিসেবে ঘোষিত লভ্যাংশের সম্পূর্ণ অর্থ পৃথক ব্যাংক হিসাবে জমা রাখা এবং ব্যাংকের প্রত্যয়নপত্র সংগ্রহ ও সভায় উপস্থাপন নিশ্চিত করার বিধান যুক্ত করে বিদ্যমান নির্দেশনা সংশোধন করা হবে। এ শর্ত পূরণ না হলে লভ্যাংশসংক্রান্ত কোনো প্রস্তাব এজিএমে উপস্থাপন করা যাবে না।

এদিকে তালিকাভুক্ত কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ ও পুনর্নিয়োগ প্রক্রিয়া সহজ করতে আরেকটি সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। করপোরেট গভর্ন্যান্স কোড, ২০১৮ এবং এর পরবর্তী সংশোধনীগুলোর আওতায় স্বতন্ত্র পরিচালক পুনর্নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক থেকে হালনাগাদ ক্লিন ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) রিপোর্ট পাওয়ার ভিত্তিতে কমিশনের সম্মতি দেয়ার সিদ্ধান্ত হয়েছে। কমিশনের মতে, এ সিদ্ধান্তের ফলে স্বতন্ত্র পরিচালক পুনর্নিয়োগের প্রশাসনিক কার্যক্রম ত্বরান্বিত হবে।

একই সভায় স্বতন্ত্র পরিচালকদের যোগ্যতা ও অভিজ্ঞতাসংক্রান্ত শর্তে আগে দেয়া অব্যাহতি বা শিথিলতার প্রয়োগ নিয়েও সিদ্ধান্ত নেয়া হয়েছে। করপোরেট গভর্ন্যান্স কোড, ২০১৮-এর শর্ত ১(৩)(ডি) অনুযায়ী, কোনো স্বতন্ত্র পরিচালককে কোডের শর্ত ১(৩)(বি) ও ১(৩)(সি)-এর আওতায় যোগ্যতা ও অভিজ্ঞতাসংক্রান্ত বিধান থেকে আগে অব্যাহতি দেয়া হয়ে থাকলে তা অন্য কোনো তালিকাভুক্ত কোম্পানিতে নতুন নিয়োগ অথবা একই কোম্পানিতে পুনর্নিয়োগের ক্ষেত্রেও স্বয়ংক্রিয়ভাবে প্রযোজ্য হবে। অর্থাৎ এ ধরনের স্বতন্ত্র পরিচালককে নতুন নিয়োগ বা পুনর্নিয়োগের জন্য একই বিষয়ে আবার অব্যাহতি নেয়ার প্রয়োজন হবে না।

আরও