এমএস ডায়িং, প্রিন্টিং অ্যান্ড ফিনিশিংয়ের সঙ্গে চুক্তি

৫.৮৫ মেগাওয়াট-পিক রুফটপ সোলার সিস্টেম স্থাপনে অর্থায়ন করবে ইডকল

নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পনগরীর এমএস ডায়িং, প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং লিমিটেডের (এমএসডিপিএফএল) ১৩টি ভবনের ছাদে ৫ দশমিক ৮৫ মেগাওয়াট-পিক রুফটপ সোলার সিস্টেম স্থাপন করা হবে।

এ প্রকল্পে অর্থায়ন করবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)। এ লক্ষ্যে সোমবার প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ইডকলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এসএম মনিরুল ইসলাম ও এমএসডিপিএফএলের এমডি মো. মামুনুর রশিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম উপস্থিত ছিলেন।

ইডকলের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, প্রকল্পটি থেকে বছরে প্রায় ৬ দশমিক ৩ গিগাওয়াট-আওয়ার পরিচ্ছন্ন বিদ্যুৎ উৎপাদনের আশা করা হচ্ছে। এর মাধ্যমে প্রতি বছর আনুমানিক ৩ হাজার ৯০০ টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ কমানো সম্ভব হবে। পাশাপাশি প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরতা কমিয়ে এমএসডিপিএফএলের জ্বালানি দক্ষতা বাড়াতে সহায়তা করবে প্রকল্পটি। চুক্তির আওতায় ইডকল অর্থায়নের পাশাপাশি প্রকল্পের কারিগরি সহায়তা প্রদান এবং স্থাপিত সোলার সিস্টেমগুলোর কার্যকারিতা পর্যবেক্ষণ করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইডকলের ভারপ্রাপ্ত এমডি এসএম মনিরুল ইসলাম বলেন, ‘প্রকল্পটি বাংলাদেশের শিল্প খাতে রুফটপ সোলারের সম্ভাবনাকে তুলে ধরে। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানিতে বেসরকারি খাতের বিনিয়োগে ইডকলের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।’

উদ্যোগটি টেকসই উৎপাদনের ক্ষেত্রে একটি প্রশংসনীয় পদক্ষেপ উল্লেখ করে বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘এ প্রকল্প দেশের টেক্সটাইল ও অ্যাপারেল শিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতা ও টেকসই উন্নয়নে সহায়ক হবে।’

অন্যদিকে প্রকল্পটি এমএসডিপিএফএলের উৎপাদন কার্যক্রমকে আরো জ্বালানি-সাশ্রয়ী ও পরিবেশবান্ধব করতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন প্রতিষ্ঠানটির এমডি মো. মামুনুর রশিদ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইডকলের চিফ ইনভেস্টমেন্ট অফিসার নাজমুল হক, হেড অব রিনিউয়েবল এনার্জি মো. এনামুল করিম পাভেল, চিফ রিস্ক অফিসার মোহাম্মদ জাবেদ ইমরান, কোম্পানি সচিব এম মাফতুন আহমেদ এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সিরাজুল হোসাইনসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ইডকল জানিয়েছে, এ প্রকল্প বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি ও জলবায়ু বিষয়ক অঙ্গীকার, বিশেষ করে ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশনসের লক্ষ্য অর্জনে অবদান রাখবে। প্রতিষ্ঠানটি ২০৩০ সালের মধ্যে মোট ১ হাজার ২০০ মেগাওয়াট-পিক রুফটপ সোলার প্রকল্পে অর্থায়নের পরিকল্পনা করছে। এরই মধ্যে ৩০০ মেগাওয়াট-পিক রুফটপ সোলার প্রকল্পে অর্থায়ন করেছে ইডকল।

আরও