বৈশ্বিক শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা

এআই কোম্পানির আর্থিক প্রতিবেদন ও সুদহার নিয়ে সিদ্ধান্তের অপেক্ষা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে যুক্ত কয়েকটি বড় কোম্পানির আর্থিক ফল প্রকাশ হবে চলতি সপ্তাহে।

বিশ্ববাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে অধিকাংশ শেয়ারবাজারে সূচক ছিল ঊর্ধ্বমুখী। অন্যদিকে গত সপ্তাহে চার বছরের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে ওঠার পর আন্তর্জাতিক বাজারে কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। এছাড়া চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের বড় প্রযুক্তি কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদন প্রকাশ ও বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংকের সুদের হারসংক্রান্ত সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন বিনিয়োগকারী। এসব সিদ্ধান্ত বাজারের গতিপথে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। খবর এপি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে যুক্ত কয়েকটি বড় কোম্পানির আর্থিক ফল প্রকাশ হবে চলতি সপ্তাহে। এর মধ্যে রয়েছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট, মাইক্রোসফট ও অ্যামাজন। এআই প্রযুক্তিতে বিপুল বিনিয়োগের বিপরীতে কোম্পানিগুলো কতটা আয় ও মুনাফা করতে পারছে, এসব প্রতিবেদনে তার ইঙ্গিত পাওয়া যাবে। ফলে কোম্পানিগুলোর আর্থিক ফলের ওপর বিশেষ নজর রাখছেন বিনিয়োগকারী।

এছাড়া এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ও জাপানের কেন্দ্রীয় ব্যাংকসহ কয়েকটি কেন্দ্রীয় ব্যাংক সুদহার নিয়ে সিদ্ধান্ত জানাবে।

ইউরোপে গতকাল লেনদেনের শুরুতে জার্মানির ডিএএক্স সূচক দশমিক ৭ শতাংশ বেড়ে ২৫ হাজার ৩৬৩ দশমিক ৫৯ পয়েন্টে ওঠে। ফ্রান্সের প্যারিসভিত্তিক সিএসি ৪০ সূচক বাড়ে দশমিক ৯ শতাংশ। সূচকটি দাঁড়ায় ৭ হাজার ৮৪৮ দশমিক ৬২ পয়েন্টে। যুক্তরাজ্যের এফটিএসই ১০০ সূচক দশমিক ৫ শতাংশ বেড়ে ১০ হাজার ৭৪২ দশমিক ৮৮ পয়েন্টে পৌঁছে।

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও লেনদেন শুরুর আগে ইতিবাচক প্রবণতা দেখা যায়। এদিন এসঅ্যান্ডপি ৫০০ সূচকের ফিউচারস দশমিক ২ শতাংশ ও ডাও জোনস ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজের ফিউচারস বাড়ে দশমিক ৪ শতাংশ।

এশিয়ার বেশ কয়েকটি শেয়ারবাজারে অবশ্য গতকাল দিনের শুরুতে দরপতন দেখা যায়। পরে কিছু বাজারে সূচক ঘুরে দাঁড়ায়। জাপানের নিক্কেই ২২৫ সূচক দশমিক ৮ শতাংশ কমে ৬২ হাজার ১৮৯ দশমিক ৬৫ পয়েন্টে নেমে আসে। দেশটির চিপ নির্মাতা ও অন্যান্য প্রযুক্তি কোম্পানির শেয়ারে বিক্রির চাপ বাড়ায় সূচকটি নিম্নমুখী হয়।

কম্পিউটার চিপ পরীক্ষার সরঞ্জাম প্রস্তুতকারী অ্যাডভানটেস্টের শেয়ারদর কমে ৩ দশমিক ৯ শতাংশ। চিপ ও ফ্ল্যাট প্যানেল উৎপাদনের সরঞ্জাম নির্মাতা টোকিও ইলেকট্রনের শেয়ারদর কমে ৩ দশমিক ৭ শতাংশ।

জাপানের কেন্দ্রীয় ব্যাংক (বিওজে) এ সপ্তাহে নীতিসুদ নিয়ে সিদ্ধান্ত জানাবে। সুদহার অপরিবর্তিত থাকবে, নাকি পরিবর্তন করা হবে—তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে সতর্কতা রয়েছে।

ফলস্বরূপ দক্ষিণ কোরিয়ার কসপি সূচক ১ দশমিক ৫ শতাংশ কমে ৫ হাজার ৪৬৯ দশমিক ৪৭ পয়েন্টে নেমে আসে। দেশটির মেমোরি চিপ নির্মাতা স্যামসাং ইলেকট্রনিকসের শেয়ারদর কমে ১ দশমিক ১ শতাংশ।

তবে হংকংয়ের হ্যাং সেং সূচক দশমিক ৫ শতাংশ বেড়ে ২৩ হাজার ২১১ দশমিক ৮১ পয়েন্টে ওঠে। চীনের সাংহাই কম্পোজিট সূচকও দিনের শুরুর দরপতন কাটিয়ে দশমিক ২ শতাংশ বেড়ে ৩ হাজার ৬৯৭ দশমিক ৫২ পয়েন্টে লেনদেন শেষ করে। অস্ট্রেলিয়ার এসঅ্যান্ডপি/এএসএক্স ২০০ সূচকও ঘুরে দাঁড়িয়ে দশমিক ২ শতাংশ বেড়ে ৮ হাজার ৮০৯ দশমিক ৯০ পয়েন্টে পৌঁছে।

আন্তর্জাতিক বাজারে গতকাল অপরিশোধিত তেলের দাম কমেছে। ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৭ শতাংশ কমে প্রতি ব্যারেল ১০৯ ডলার ৮৬ সেন্টে নেমে আসে। যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক দাম কমে ২ দশমিক ১ শতাংশ। প্রতি ব্যারেলের দাম দাঁড়ায় ১০১ ডলার ৮ সেন্টে।

আরও