২০২৪-২৫ অর্থবছরে (এপ্রিল-মার্চ) ভারতের কয়লা রফতানি ২৩ দশমিক ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৮ হাজার টনে। আগের অর্থবছরে রফতানির পরিমাণ ছিল ১৫ লাখ ৪৬ হাজার টন। খবর দ্য হিন্দু বিজনেস লাইন।
দেশটির সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে ভারত থেকে কয়লা রফতানি পরিমাণে বাড়লেও মূল্যমানের দিক থেকে কিছুটা কমেছে। ২০২৩-২৪ অর্থবছরে দেশটির মোট কয়লা রফতানির আর্থিক মূল্য ছিল ১ হাজার ৮২৮ কোটি রুপি। ২০২৪-২৫ অর্থবছরে তা দাঁড়িয়েছে ১ হাজার ৬৪৩ কোটি রুপিতে।
ভারত মূলত নেপাল, বাংলাদেশ ও ভুটানে কয়লা রফতানি করে। সরকারি তথ্য বলছে, প্রতিবেশী দেশগুলোয় কয়লার চাহিদা বাড়ায় রফতানির সম্ভাবনা আরো বাড়ছে। এক গবেষণায় উল্লেখ করা হয়েছে, ভারত প্রতি বছর ১ কোটি ৫০ লাখ টন কয়লা রফতানির সক্ষমতা রাখে, যার মধ্যে ৮০ লাখ টন বাংলাদেশে, ৩০ লাখ টন মিয়ানমারে, ২০ লাখ টন নেপালে ও বাকি ২০ লাখ টন অন্যান্য দেশে রফতানি করা সম্ভব হয়।