বিক্রি কমেছে ১১ শতাংশ

প্রথমার্ধে মুনাফা থেকে লোকসানে হাইডেলবার্গ

সিমেন্ট খাতের তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসির চলতি ২০২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-মার্চ) ১১ কোটি টাকা কর-পরবর্তী নিট লোকসান হয়েছে।

আগের হিসাব বছরের একই সময়ে ২২ কোটি টাকা নিট মুনাফা ছিল। মূলত বিক্রির পরিমাণ কমে যাওয়ার পাশাপাশি টনপ্রতি নিম্ন মার্জিনের কারণে কোম্পানিটির লোকসান হয়েছে। হাইডেলবার্গের চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথমার্ধে হাইডেলবার্গের ৬৮৩ কোটি ৯২ লাখ টাকার বিক্রি হয়েছে, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭৬৯ কোটি ১৫ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির বিক্রি কমেছে ১১ শতাংশ। বিক্রি কমে যাওয়ার কারণে এ সময়ে কোম্পানিটির গ্রস মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় অর্ধেকেরও বেশি কমে ৪৫ কোটি ৪৮ লাখ টাকায় দাঁড়িয়েছে। ২০২৫ হিসাব বছরের প্রথমার্ধে ৩৩ কোটি ৭১ লাখ টাকা পরিচালন মুনাফায় থাকলেও চলতি হিসাব বছরের একই সময়ে এসে কোম্পানিটির ১০ কোটি ২৪ লাখ টাকা পরিচালন লোকসান হয়েছে। ২০২৬ হিসাব বছরের প্রথমার্ধে হাইডেলবার্গের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৯৬ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ৩ টাকা ৯৫ পয়সা। ৩০ জুন ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭০ টাকা ৮৬ পয়সায়।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৫৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮ টাকা ১৭ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৭৩ টাকা ৯২ পয়সায়।

২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের ইপিএস হয়েছে ৮ টাকা ১৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮ টাকা ১৩ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৭২ টাকা ৮৭ পয়সায়।

২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের ইপিএস ৮ টাকা ১৩ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ৪ টাকা ১৩ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৬৭ টাকা ২০ পয়সায়।

হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের সার্ভিল্যান্স এনটিটি রেটিং ‘এএ২’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-২’। কোম্পানিটির ২০২৩, ২০২৪ ও ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)।

১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের অনুমোদিত মূলধন ১০০ কোটি, পরিশোধিত মুলধন ৫৬ কোটি ৫০ লাখ ৪০ হাজার ও রিজার্ভে রয়েছে ৩৬১ কোটি ১৭ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৫ কোটি ৬৫ লাখ ৩ হাজার ৫৮০। এর ৬০ দশমিক ৬৭ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৮ দশমিক ৭৫, বিদেশী বিনিয়োগকারী দশমিক শূন্য ৪ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ১০ দশমিক ৫৪ শতাংশ শেয়ার রয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত বৃহস্পতিবার হাইডেলবার্গের শেয়ার সর্বশেষ ২৩১ টাকায় লেনদেন হয়েছে। গত এক বছরে শেয়ারটির দর ১৯৭-২৮২ টাকার মধ্যে ওঠানামা করেছে।

আরও