ভারতে গত সেপ্টেম্বরে চার মাসের সর্বনিম্নে নেমেছে পাম অয়েল আমদানি। তুলনামূলক সাশ্রয়ী সয়াবিন তেল কেনার দিকে ঝুঁকে পড়ায় দেশটির রিফাইনাররা ভোজ্যতেলটি আমদানি কমিয়েছে। ভারতের সলভেন্ট এক্সট্র্যাক্টরস অ্যাসোসিয়েশন (এসইএ) গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।
শিল্প সংগঠনটির তথ্য অনুযায়ী সেপ্টেম্বরে ভারতের পাম অয়েল আমদানি ১৬ দশমিক ৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮ লাখ ২৯ হাজার ১৭ টনে, যা মে মাসের পর সর্বনিম্ন। অন্যদিকে সয়াবিন তেল আমদানি ৩৬ দশমিক ৮ শতাংশ বেড়ে পৌঁছেছে ৫ লাখ ৩ হাজার ২৪০ টনে। এটি ২০২২ সালের জুলাইয়ের পর সর্বোচ্চ। একই সময়ে সূর্যমুখী তেল আমদানি বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৭২ হাজার ৩৮৬ টনে, যা জানুয়ারির পর সর্বাধিক।
এসইএ জানিয়েছে, মোট ভোজ্যতেল আমদানি আগের মাসের তুলনায় ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৬ লাখ টনে। অক্টোবরে দেশটিতে পাম অয়েল আমদানি আরো কমে প্রায় ছয় লাখ টনে নেমে আসতে পারে। আর সয়াবিন তেল আমদানি ৪ লাখ ৫০ হাজার টনের বেশি হতে পারে।
মূলত ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া থেকে পাম অয়েল আমদানি করে ভারত। আর সয়াবিন ও সূর্যমুখী তেল আসে আর্জেন্টিনা, ব্রাজিল, রাশিয়া ও ইউক্রেন থেকে।