মার্চের ২৩ দিনে এল প্রায় ২৮৩ কোটি ডলারের রেমিট্যান্স

চলতি ২০২৫-২৬ অর্থবছরের নবম মাস মার্চের প্রথম ২৩ দিনে দেশে এসেছে প্রায় ২৮৩ কোটি ডলারের সমপরিমাণ প্রবাসী আয় বা রেমিট্যান্স।

দেশীয় মুদ্রায় যার পরিমাণ (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) প্রায় ৩৪ হাজার ৫০২ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। মূলত ঈদুল ফিতরকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশীরা দেশে থাকা পরিবার ও আত্মীয়দের কাছে এ অর্থ পাঠিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্যানুযায়ী, ১৬-২৩ মার্চ অর্থাৎ আটদিনে দেশে এসেছে ৩৯ কোটি ২০ লাখ ডলারের রেমিট্যান্স। আর ১ থেকে ২৩ পর্যন্ত মোট প্রবাসী আয় এসেছে ২৮২ কোটি ৮০ লাখ ডলার। গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২৬৩ কোটি ৩০ লাখ ডলার। সে হিসাবে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে প্রায় ৭ দশমিক ৪ শতাংশ।

এদিকে, চলতি ২০২৫-২৬ অর্থবছরেও প্রবাসী আয়ে শক্তিশালী প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। চলতি অর্থবছরের শুরু থেকে ২৩ মার্চ পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৫২৮ কোটি ১০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ২ হাজার ১১২ কোটি ৩০ লাখ ডলার।

আরও