মার্কিন শুল্কের প্রভাব

বিকল্প বাজারে অলিভ অয়েল রফতানিতে ঝুঁকছে ইউরোপ

যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় পণ্যের ওপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় পণ্যের ওপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এর পর থেকেই বিকল্প বাজারে অলিভ অয়েল রফতানিতে ঝুঁকছে ইউরোপের দেশগুলো। বার্তা সংস্থা রয়টার্স সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গ্রিসের কনস্তান্তিনোস পাপাদোপোলোস নামের এক ব্যবসায়ী জানিয়েছেন, দুই সপ্তাহের মধ্যে ১৫ হাজার বোতল অলিভ অয়েল ব্রাজিলের ইতাপোয়া বন্দরে পৌঁছানোর কথা। এছাড়া অস্ট্রেলিয়ায় আরেকটি বড় রফতানি চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি।

পাপাদোপোলোস বলেন, ‘কোন নির্দিষ্ট বাজারের ওপর অতিরিক্ত নির্ভরশীল হওয়া উচিত নয়। আমাদের সবসময় বিকল্প প্রস্তুতি রাখতে হবে।’

যুক্তরাষ্ট্রে অলিভ অয়েল রফতানিতে বিশ্বের মধ্যে পঞ্চম অবস্থানে রয়েছে গ্রিস। জলপাই চাষ দেশটির অন্যতম বৃহত্তম খাত। প্রতি বছর গ্রিস ৮-১০ হাজার টন অলিভ অয়েল যুক্তরাষ্ট্রে সরবরাহ করে। যুক্তরাষ্ট্রে অলিভ অয়েল সরবরাহে অন্য শীর্ষ চার দেশ স্পেন, ইতালি ও পর্তুগালও একই পরিস্থিতিতে আছে বলে জানা গেছে।

২০২৪ সালে পাপাদোপোলোস পরিবারের কোম্পানি যুক্তরাষ্ট্রে ৩৫০ টন এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল রফতানি করেছে, যা কোম্পানিটির মোট রফতানির এক-তৃতীয়াংশ। চলতি বছর এখন পর্যন্ত ১০০ টন রফতানি হয়েছে।

পাপাদোপোলোস জানান, ট্রাম্পের শুল্ক বাস্তবায়ন হলে চলতি বছর যুক্তরাষ্ট্রে রফতানি অন্তত ৪০ শতাংশ কমে যেতে পারে।

আরও