প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছে ডিবিএ

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে স্বাগত জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

সংগঠনটি বলেছে, পুঁজিবাজার উন্নয়ন, বিনিয়োগবান্ধব অর্থনীতি গঠন এবং আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠায় বাজেটে নেয়া সংস্কারমূলক উদ্যোগ সময়োপযোগী ও ইতিবাচক।

গতকাল ডিবিএর পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি সাইফুল ইসলাম ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের জন্য অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে অভিনন্দন জানান। একই সঙ্গে অর্থনীতি পুনর্গঠন, পুঁজিবাজার সংস্কার ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকারের উদ্যোগকেও স্বাগত জানান তিনি।

বিবৃতিতে সাইফুল ইসলাম বলেন, ‘‌দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্পায়ন ও দীর্ঘমেয়াদি বিনিয়োগ অর্থায়নের জন্য শক্তিশালী, স্বচ্ছ ও আস্থাভিত্তিক পুঁজিবাজার গড়ে তোলার অঙ্গীকার এবারের বাজেটে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। বাজেটে পুঁজিবাজারকে দীর্ঘমেয়াদি মূলধন সংগ্রহের কার্যকর প্লাটফর্ম হিসেবে গড়ে তোলার যে নীতিগত ঘোষণা দেয়া হয়েছে, তা বাজারের জন্য আশাব্যঞ্জক।’

ডিবিএর মতে, নিয়ন্ত্রক কাঠামো শক্তিশালীকরণ, বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিতকরণ, বাজারে সুশাসন ও স্বচ্ছতা বৃদ্ধি, করপোরেট বন্ড, মিউচুয়াল ফান্ড, গ্রিন বন্ড ও সুকুক উন্নয়ন, লিস্টিং প্রক্রিয়া সহজীকরণ এবং মিউনিসিপ্যাল বন্ড চালুর উদ্যোগ দেশের পুঁজিবাজারের বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করবে। সংগঠনটি মনে করে, এসব সংস্কার কার্যকরভাবে বাস্তবায়ন হলে দেশী-বিদেশী বিনিয়োগ বাড়বে, নতুন উদ্যোক্তারা মূলধন সংগ্রহের সুযোগ পাবেন এবং শিল্পায়ন ও কর্মসংস্থান ত্বরান্বিত হবে।

ডিবিএ সভাপতি পুঁজিবাজারসংশ্লিষ্ট সরকার, নিয়ন্ত্রক সংস্থা, স্টক এক্সচেঞ্জ, ব্রোকারেজ হাউজ, তালিকাভুক্ত কোম্পানি ও বিনিয়োগকারীদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে দেশের পুঁজিবাজারকে আন্তর্জাতিক মানসম্পন্ন বাজারে উন্নীত করার আহ্বান জানান।

আরও