ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটিসহ টানা নয়দিন বন্ধ থাকার পর পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়েছে। বন্দরের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ জানান, গতকাল সকাল থেকে এ বন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে আমদানি-রফতানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।
জানা যায়, বাংলাবান্ধা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সব সদস্যের মতামতের ভিত্তিতে আমদানি-রফতানি গ্রুপ এবং লোড-আনলোড শ্রমিকদের সঙ্গে আলোচনা সাপেক্ষে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত বন্দরের সব কার্যক্রম বন্ধ রাখা হয়। ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটি শেষে গতকাল সকাল থেকে পুনরায় বন্দরের আমদানি-রফতানিসহ সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম শুরু হয়েছে।
বাংলাবান্ধা স্থলবন্দরের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ জানান, ব্যবসা-বাণিজ্যে অপার সম্ভাবনাময় চার দেশীয় এ বন্দর দিয়ে ৯৫ শতাংশ পাথর আমদানি করা হয়। এছাড়া মসুর ডাল, গম, ভুট্টা, চিরতা, হাজমলা, যন্ত্রপাতি, প্লাস্টিক দানা, রেললাইনের স্লিপার, খৈল, আদা ও চিটাগুড়ের মতো পণ্য আনা হয়। অন্যদিকে এ স্থলবন্দর দিয়ে চলতি মৌসুমে রেকর্ড পরিমাণ আলু রফতানি করা হয়েছে।
বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির জানান, ঈদের ছুটিতে এ স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।