কুয়েতে ১৫ শতাংশ কর দেবে বহুজাতিক কোম্পানি

বহুজাতিক কোম্পানির ওপর নতুন কর আরোপ করতে যাচ্ছে কুয়েত। একাধিক দেশে ব্যবসা পরিচালনা করে এমন কোম্পানিগুলো নতুন নিয়মের আওতায় ১৫ শতাংশ হারে কর দেবে।

বহুজাতিক কোম্পানির ওপর নতুন কর আরোপ করতে যাচ্ছে কুয়েত। একাধিক দেশে ব্যবসা পরিচালনা করে এমন কোম্পানিগুলো নতুন নিয়মের আওতায় ১৫ শতাংশ হারে কর দেবে। আগামী ১ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত প্রযোজ্য হবে বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত কুনা নিউজ এজেন্সি।

কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ আল আহমদ আল সাবাহর সভাপতিত্বে মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে মঙ্গলবার এ-সংক্রান্ত খসড়া আইন অনুমোদন হয়েছে। সেখানে বলা হয়, প্রস্তাবিত কর বৈশ্বিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এর লক্ষ্য হলো কর ফাঁকি প্রতিরোধ এবং কর রাজস্ব অন্য দেশে স্থানান্তর হওয়া বন্ধ করা।

উপপ্রধানমন্ত্রী শরিদা আল মুশেরজি বলেছেন, আইনটি ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

ইউএই-ভিত্তিক কর ফার্ম অ্যান্ডারসনের সিইও অনুরাগ চতুর্বেদীর মতে, বহুজাতিক করপোরেশনের জন্য ১৫ শতাংশ কর চালুর ফলে কুয়েতে কিছু কোম্পানি কার্যক্রম পুনর্গঠন করতে পারে এবং স্থানীয় অংশীদারত্ব গড়ে তুলতে পারে।

তিনি বলেন, ‘এ কর কর্মসংস্থানের ওপর, বিশেষত প্রবাসীদের চাকরিতে প্রভাব ফেলতে পারে; যদিও এটি সরকারি আয়কে বৈচিত্র্যময় করবে, তবে উচ্চতর খরচ এবং প্রতিযোগিতামূলক চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে ব্যবসা।’

এদিকে ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) করপোরেট কর আইনে পরিবর্তনের অংশ হিসেবে বড় কোম্পানিগুলোর ওপর নতুন করারোপ করেছে। এতে বৃহৎ বহুজাতিক কোম্পানিকে মুনাফার ওপর কমপক্ষে ১৫ শতাংশ কর দিতে হবে, যা ২০২৫ সালের ১ জানুয়ারি বা এর পরে শুরু হওয়া আর্থিক বছরের জন্য কার্যকর হবে।

ওই কর শুধু সেই কোম্পানিগুলোর ওপর প্রযোজ্য হবে, যেগুলোর সমন্বিত বৈশ্বিক আয় পূর্ববর্তী চার আর্থবছরের মধ্যে অন্তত দুই বছরে ৭৯ কোটি ৩০ লাখ ডলার বা তার বেশি।

অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (ওইসিডি) পিলার টু কর্মসূচির অধীনে বড় বহুজাতিক প্রতিষ্ঠানকে তাদের মুনাফার ওপর প্রতিটি দেশে কমপক্ষে ১৫ শতাংশ কর দিতে হবে। ২০২১ সালের অক্টোবরে এ সংস্কার কর্মসূচি ঘোষণা করা হয় এবং ১৪০টিরও বেশি দেশ এতে সই করেছে।

আরও