নিজস্ব এআই চিপ তৈরির পথে বাইটড্যান্স?

নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ তৈরির উদ্যোগ নিয়েছে টিকটকের প্যারেন্ট কোম্পানি বাইটড্যান্স।

নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ তৈরির উদ্যোগ নিয়েছে টিকটকের প্যারেন্ট কোম্পানি বাইটড্যান্স। চিপ তৈরির বিষয়ে প্রতিষ্ঠানটি স্যামসাং ইলেকট্রনিকসের সঙ্গে আলোচনা করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দুই সূত্র। তাদের মতে, উন্নত প্রসেসর সরবরাহ নিশ্চিত করতেই বাইটড্যান্সের নতুন এ তৎপরতা। খবর রয়টার্স।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী মার্চের শেষ নাগাদ বাইটড্যান্স নতুন চিপের নমুনা হাতে পাবে বলে আশা করছে। এআই ইনফারেন্স বা প্রশিক্ষিত মডেল দিয়ে বাস্তব ইনপুটের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়ার উপযোগী এ চিপের অন্তত এক লাখ ইউনিট চলতি বছরেই উৎপাদনের পরিকল্পনা রয়েছে কোম্পানিটির। পরবর্তী সময়ে ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে ৩ লাখ ৫০ হাজার ইউনিটে উন্নীত করতে চায় তারা।

তবে বাইটড্যান্সের একজন মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, নিজস্ব চিপ তৈরির প্রকল্পের তথ্যটি পুরোপুরি সঠিক নয়। অন্যদিকে স্যামসাং এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

বাইটড্যান্সের জন্য উদ্যোগটিকে বড় মাইলফলক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। কারণ কোম্পানিটি দীর্ঘদিন ধরেই এআই-সংক্রান্ত কাজের চাপ সামলাতে নিজস্ব চিপ তৈরির চেষ্টা চালিয়ে আসছে। বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, বাইটড্যান্সের এ তৎপরতা অন্তত ২০২২ সালে শুরু হয়। ওই সময় কোম্পানিটি সংশ্লিষ্ট বিভাগে কর্মী নিয়োগ শুরু করে।

২০২৪ সালের জুনে এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছিল, বাইটড্যান্স উন্নতমানের এআই প্রসেসর তৈরি করতে মার্কিন চিপ ডিজাইনার প্রতিষ্ঠান ব্রডকমের সঙ্গে কাজ করছে। উৎপাদনের কাজটি তাইওয়ানের টিএসএমসিকে দেয়ার পরিকল্পনা করা হয়েছিল।

উন্নত চিপের প্রধান সরবরাহকারী এনভিডিয়ার ওপর নির্ভরতা কমাতে গুগল, অ্যামাজন ও মাইক্রোসফটসহ বৈশ্বিক জায়ান্টরা নিজেদের এআই চিপ তৈরি করেছে। এছাড়া চীনা কোম্পানিগুলোর জন্য মার্কিন রফতানি নিয়ন্ত্রণও নিজস্ব এআই চিপ বিকাশের তাগিদ বাড়িয়েছে।

বাইটড্যান্সের প্রতিদ্বন্দ্বী আলিবাবা ও বাইডু এরই মধ্যে এআই চিপ বিকাশে এগিয়ে গেছে। গত মাসে আলিবাবা বৃহৎ পরিসরের এআই-ভিত্তিক সমস্যা সমাধানে ঝেনউ চিপ উন্মোচন করেছে। বাইডু গ্রাহকদের কাছেও চিপ বিক্রি করে এবং চিপ ইউনিট কুনলুনশিনকে শিগগিরই পুঁজিবাজারে তালিকাভুক্তির পরিকল্পনা করছে।

আরও