রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি আলোচনা নিয়ে বাজারে এখনো অনিশ্চয়তা বিরাজ করছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে গত সপ্তাহজুড়ে জ্বালানি তেলের দাম বেড়েছে ২ শতাংশের বেশি।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্ট ও মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) সাপ্তাহিক দরবৃদ্ধির হার ছিল যথাক্রমে ২ দশমিক ৯ ও ১ দশমিক ৪ শতাংশ।
এছাড়া গত শুক্রবার ব্রেন্টের দাম ৬ সেন্ট বা দশমিক শূন্য ৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৬৭ ডলার ৭৩ সেন্টে। একই দিনে ডব্লিউটিআইয়ের মূল্য স্থির হয়েছে ৬৩ ডলার ৬৬ সেন্টে, যা আগের দিনের তুলনায় ১৪ সেন্ট বা দশমিক ২২ শতাংশ বেশি।
সুইজারল্যান্ডভিত্তিক ব্যাংকিং ও আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান ইউবিএসের কমোডিটি অ্যানালিস্ট জিওভানি স্তাওনোভো বলেন, ‘বাজারের বিনিয়োগকারীরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী পদক্ষেপের জন্য অপেক্ষা করছেন। তবে সামনের দিনগুলোয় আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হওয়ার সম্ভাবনা কম।’
এদিকে গত সপ্তাহজুড়ে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ চলমান ছিল। রাশিয়া ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সীমান্তঘেঁষা এলাকায় বিমান হামলা চালায়। পাল্টা আক্রমণে ইউক্রেন রাশিয়ার একটি জ্বালানি তেল পরিশোধনাগার ও দুরুজবা পাইপলাইনের একটি গুরুত্বপূর্ণ পাম্পিং স্টেশন ক্ষতিগ্রস্ত করেছে। এতে অন্তত পাঁচদিন হাঙ্গেরি ও স্লোভাকিয়ায় রাশিয়ার জ্বালানি তেল সরবরাহ বন্ধ থাকার আশঙ্কা তৈরি হয়েছে।
বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি অনিশ্চিত হয়ে পড়লে রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরো কঠোর নিষেধাজ্ঞার ঝুঁকি বাড়বে।
শুক্রবার এস্তোনিয়া ঘোষণা করেছে, ইউক্রেনে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে তারা প্রস্তুত। অন্যদিকে পুতিন শর্ত দিয়েছেন, ইউক্রেনকে দনবাস অঞ্চল ও ন্যাটোতে যোগদানের আকাঙ্ক্ষা পরিত্যাগ করতে হবে। তবে ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধের সমাপ্তি নিয়ে যেকোনো সমঝোতায় তিনি ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষা করবেন।
খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, জ্বালানি তেলের দামে ঊর্ধ্বগতির আরেকটি কারণ যুক্তরাষ্ট্রে প্রত্যাশার চেয়ে বেশি মজুদ হ্রাস। যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ) জানিয়েছে, ১৫ আগস্ট শেষ হওয়া সপ্তাহে দেশটিতে জ্বালানি তেলের মজুদ কমেছে ৬০ লাখ ব্যারেল। এর আগে ১৮ লাখ ব্যারেল হ্রাসের পূর্বাভাস দিয়েছিলেন বাজারসংশ্লিষ্টরা।
এদিকে জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের রিগের সংখ্যা টানা চার সপ্তাহের মতো কমেছে। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রে সক্রিয় রিগের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫৩৮-এ, যা জুলাইয়ের পর সর্বনিম্ন।