অর্থনীতিবিদদের পূর্বাভাসও ছিল একই। তবে জুনে প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়ে কিছুটা বেশি হয়েছে। ফুটবল বিশ্বকাপ ও উষ্ণ আবহাওয়া দেশটির খুচরা ও অবসর খাতের কিছু ব্যবসায় ইতিবাচক প্রভাব ফেলেছে। খবর দ্য গার্ডিয়ান।
যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান দপ্তর (ওএনএস) জানায়, এপ্রিল-জুন প্রান্তিকে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে দশমিক ৪ শতাংশ। এর আগে বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) জিডিপি প্রবৃদ্ধি ছিল দশমিক ৬ শতাংশ।
প্রতিবেদনে বলা হয়, দ্বিতীয় প্রান্তিকের প্রবৃদ্ধিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে সেবা খাত। এ সময় খাতটির উৎপাদন দশমিক ৫ শতাংশ বেড়েছে। নির্মাণ খাতও দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। তবে উৎপাদন খাতে কোনো প্রবৃদ্ধি হয়নি।
ফিফা বিশ্বকাপ ও গরম আবহাওয়াকে কেন্দ্র করে জুনে অর্থনৈতিক কার্যক্রম কিছুটা বেড়েছে। মাসটিতে জিডিপি প্রবৃদ্ধি ছিল দশমিক ৩ শতাংশ। এর আগে মে মাসে জিডিপিতে কোনো পরিবর্তন হয়নি। মূলত ১১ জুন শুরু হওয়া ২০২৬ ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে বিভিন্ন খাতে বিক্রি ও ব্যবসায়িক আয় বেড়েছে।
বিশেষ করে অ্যালকোহল উৎপাদন, পাইকারি ব্যবসা, খাবার ও পানীয় পরিবেশন, প্রকাশনা, টেলিভিশন অনুষ্ঠান তৈরি ও বিজ্ঞাপন খাতের কয়েকটি প্রতিষ্ঠান বিশ্বকাপকে জুনে আয় বাড়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে।
এদিকে যুক্তরাজ্য ও ইউরোপজুড়ে উষ্ণ আবহাওয়াও অর্থনীতির বিভিন্ন খাতে প্রভাব ফেলেছে। কিছু ব্যবসা এতে লাভবান হয়েছে। আবার কিছু খাত লোকসানের মুখে পড়েছে।
উষ্ণ আবহাওয়ার ইতিবাচক প্রভাব দেখা গেছে উৎপাদন শিল্পের বিভিন্ন অংশ, খুচরা ব্যবসা, আবাসন ও বিনোদন খাতে। গরমের কারণে মানুষের বাইরে যাওয়া ও অবসর বিনোদনের প্রবণতা বেড়েছে। এতে এসব খাতের কিছু ব্যবসা কার্যক্রম বেড়েছে।
নির্মাণ খাতের কিছু প্রতিষ্ঠান উষ্ণ আবহাওয়াকে নেতিবাচক কারণ হিসেবে উল্লেখ করেছে। অতিরিক্ত গরমে নির্মাণকাজ ব্যাহত হয়েছে। শিক্ষা খাতেও এর প্রভাব পড়েছে।