তালিকাভুক্ত এপেক্স ট্যানারি লিমিডেটের পর্ষদ তাদের জমি পুনর্মূল্যায়ন প্রতিবেদন অনুমোদন করেছে। এতে কোম্পানিটির জমির দাম ৩২৭ কোটি ৬৭ লাখ ৯৪ হাজার ৭৪৯ টাকা বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, পুনর্মূল্যায়নের আগে এপেক্স ট্যানারির জমির দাম ছিল ১৬ কোটি ৯৪ লাখ ৯৫ হাজার ২৫১ টাকা। পুনর্মূল্যায়নের পর এ জমির দাম বেড়ে ৩৪৪ কোটি ৬২ লাখ ৯০ হাজার টাকায় দাঁড়িয়েছে। জমি পুনর্মূল্যায়ন করেছে নিরীক্ষা প্রতিষ্ঠান জি. কিবরিয়া অ্যান্ড কোম্পানি, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস। এ পুনর্মূল্যায়ন চলতি ২০২৫-২৬ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর) পর্যন্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে করা হয়েছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) এপেক্স ট্যানারির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১০ টাকা ৭৮ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৭ টাকা ৯৯ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২২ টাকা ৮১ পয়সায়।
সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে এপেক্স ট্যানারির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৪ টাকা ৬২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮ টাকা ৩১ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩০ টাকা ১৯ পয়সায়।
সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে সাধারণ বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।
আলোচ্য হিসাব বছরে এপেক্স ট্যানারির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮ টাকা ৩১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮ টাকা ১৭ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৪৫ টাকা ৪৩ পয়সায়।
সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে এপেক্স ট্যানারি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮ টাকা ১৭ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৮২ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৫৪ টাকা ৮৫ পয়সায়।
এপেক্স ট্যানারির সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘এ প্লাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি থ্রি’। ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস পিএলসি (সিআরআইএসএল)।
১৯৮৫ সালে তালিকাভুক্ত এপেক্স ট্যানারির অনুমোদিত মূলধন ৫০ কোটি ও পরিশোধিত মূলধন ১৫ কোটি ২৪ লাখ টাকা। পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ১১ কোটি ৭৬ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৫২ লাখ ৪০ হাজার। এর ৩৪ দশমিক ৮২ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৯ দশমিক ৫৪ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৫ দশমিক ৬৪ শতাংশ শেয়ার রয়েছে।