ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং

এক বছরে ২ হাজার ৭২০ কোটি টাকার রেমিট্যান্স বিতরণ

বাংলাদেশের আর্থিক অন্তর্ভুক্তির ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করেছে ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং।

২০২৫ সালে এ চ্যানেলের মাধ্যমে ব্যাংকটি সারা দেশে ২ হাজার ৭২০ কোটি টাকার প্রবাসী আয় বিতরণ করেছে, যা আগের বছরের তুলনায় ঠিক দ্বিগুণ। গ্রামাঞ্চলের প্রান্তিক মানুষের দোরগোড়ায় আনুষ্ঠানিক ব্যাংকিং সুবিধা পৌঁছে দেয়ার এ উদ্যোগ দেশের রেমিট্যান্স ব্যবস্থাপনায় এনেছে আমূল পরিবর্তন। ব্র্যাক ব্যাংক পিএলসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

জানা গেছে, দেশে দীর্ঘদিন ধরেই; বিশেষত প্রান্তিক অঞ্চলে রেমিট্যান্সের একটি বড় অংশ অনানুষ্ঠানিক ও অবৈধ চ্যানেলে প্রবাহিত হয়ে আসছিল। ব্যাংকিং সুবিধার অপ্রতুলতা ও দূরত্বের কারণে গ্রামের মানুষ আনুষ্ঠানিক পথে অর্থ গ্রহণে উৎসাহ হারিয়ে ফেলছিলেন। সেই বাস্তবতায় ব্র্যাক ব্যাংক তার দেশব্যাপী ১ হাজার ১২০টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের বিস্তৃত নেটওয়ার্ক ব্যবহার করে এসংকট মোকাবেলায় নেমেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, শুধু প্রবৃদ্ধির নয়; পরিবর্তনের মূল গল্পটি লুকিয়ে আছে ব্র্যাক ব্যাংকের সেবার ধরনে। বিতরণ করা মোট অর্থের প্রায় ৮৫ শতাংশই সরাসরি গ্রাহকের ব্যাংক হিসাবে জমা হয়েছে। এর ফলে নগদ নির্ভরতা কমেছে, বেড়েছে নিরাপত্তা ও আর্থিক স্বচ্ছতা। রেমিট্যান্স গ্রাহকরা ব্যাংকটির ‘প্রবাসী পরিবার অ্যাকাউন্ট’ সেবার মাধ্যমে সঞ্চয়ের বাড়তি সুযোগ পাচ্ছেন। এ হিসাবে রয়েছে একাধিক বিশেষ সুবিধা, যা গ্রামীণ পরিবারগুলোকে শুধু অর্থ গ্রহণ নয়, সেই অর্থের সঠিক ব্যবস্থাপনায়ও সহায়তা করছে।

শুধু প্রবাসী আয়ের অর্থ পৌঁছে দেয়াই নয়; সেই অর্থকে কাজে লাগানোর সুযোগও তৈরি করছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকটির ‘স্বাবলম্বী’ ঋণসেবার মাধ্যমে রেমিট্যান্স গ্রাহকদের দেয়া হচ্ছে সহজ শর্তে ঋণ। ২০২৫ সালে ৪ হাজার ৫০৬ গ্রাহক এ সুবিধা নিয়েছেন এবং বিতরণকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪৯০ কোটি ৫৩ লাখ টাকায়। উল্লেখযোগ্য বিষয় হলো ব্যাংকের মোট ‘স্বাবলম্বী’ ঋণের ৬১ শতাংশেরও বেশি এসেছে এ এজেন্ট ব্যাংকিং চ্যানেল থেকে।

ব্র্যাক ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও হেড অব অল্টারনেট ব্যাংকিং চ্যানেলস নাজমুর রহিম বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, উদ্ভাবনী ও সুবিধাজনক ব্যাংকিং সেবা শুধু আর্থিক অন্তর্ভুক্তিরই প্রসার ঘটায় না, বরং ব্যাংকিং চ্যানেলে মানুষদের আগ্রহও বাড়ায়।’

বাংলাদেশের আর্থিক অন্তর্ভুক্তির যাত্রায় এজেন্ট ব্যাংকিং এখন এক গুরুত্বপূর্ণ অধ্যায়। সঠিক পরিকল্পনা ও প্রযুক্তির সমন্বয়ে ব্র্যাক ব্যাংক দেখিয়ে দিচ্ছে যে দেশের প্রতিটি প্রান্তে ব্যাংকিং সেবা পৌঁছে দেয়া সম্ভব।

আরও