গম সংরক্ষণ সক্ষমতা তিন গুণ বাড়ানোর পরিকল্পনা ভারতের

ভারতের বর্তমান গম সংরক্ষণ সক্ষমতা ২৮ লাখ টন। আগামী তিন বছরে এ সক্ষমতা তিন গুণ বাড়িয়ে ৯০ লাখ টনে উন্নীত করার পরিকল্পনা করছে দেশটি।

ভারতের বর্তমান গম সংরক্ষণ সক্ষমতা ২৮ লাখ টন। আগামী তিন বছরে এ সক্ষমতা তিন গুণ বাড়িয়ে ৯০ লাখ টনে উন্নীত করার পরিকল্পনা করছে দেশটি। সম্প্রতি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারত সরকার পাঁচ বছরের মধ্যে অতিরিক্ত সাত কোটি টন খাদ্যশস্য সংরক্ষণের সক্ষমতা অর্জনের ১ হাজার ৫০০ কোটি ডলার বিনিয়োগ করছে। এর অংশ হিসেবে গম সংরক্ষণের সক্ষমতা বাড়ানো হবে। প্রকল্পটি বাস্তবায়নে সারা দেশে হাজার হাজার গুদাম ও শস্যভাণ্ডার নির্মাণের পরিকল্পনা রয়েছে। সরকারের লক্ষ্য, দেশের মোট খাদ্যশস্য উৎপাদনের শতভাগ সংরক্ষণের জন্য পর্যাপ্ত সুবিধা তৈরি করা।

ভারতের খাদ্য সংরক্ষণ সংস্থা বা এফসিআই জাতীয় খাদ্যনিরাপত্তা আইনের আওতায় বর্তমানে চার-পাঁচ কোটি টন চাল ও গম সংরক্ষণ করে। ১৪০ কোটি জনসংখ্যার দেশ ভারত সম্প্রতি বিশ্বের সর্বাধিক জনবহুল দেশ হিসেবে চীনকে ছাড়িয়ে গেছে। দেশটি বর্তমানে উৎপাদিত খাদ্যশস্যের মাত্র ৪৭ শতাংশ সংরক্ষণ করতে পারে।

প্রকল্পটি সফলভাবে বাস্তবায়ন হলে খাদ্যশস্যের অপচয় কমবে। সেই সঙ্গে বড় দূরত্বে খাদ্য পরিবহনের প্রয়োজনীয়তাও কমবে। এতে পরিবহন খরচ সাশ্রয় ও সাপ্লাই চেইন আরো কার্যকর হবে।

এফসিআই এরই মধ্যে ১০ লাখ টন ও ২০ লাখ টনের আধুনিক শস্যভাণ্ডার (সাইলো) নির্মাণ সম্পন্ন করেছে। ভবিষ্যতে খাদ্যশস্য সংরক্ষণ সম্প্রসারণ প্রকল্পের অংশ হিসেবে দেশজুড়ে ১৯৬টি স্থানে গম সংরক্ষণে আধুনিক সাইলো নির্মাণের পরিকল্পনা রয়েছে।

আরও