ভোমরা স্থলবন্দর দিয়ে মসুর ডাল আমদা‌নি কমেছে ৭৫%

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে মসুর ডাল আমদানি কমেছে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৯ মাসে এ নিত্যপ্রয়োজনীয় পণ্যটির আমদানি কমেছে প্রায় ৭৫ শতাংশ। মূলত দেশের বাজারে চাহিদা কমে যাওয়ায় আমদানি হ্রাস পেয়েছে বলে জানান ব‌্যবসায়ী ও আমদা‌নিকারকরা।

ভোমরা কাস্টম হাউজের দেয়া তথ্যমতে, চলতি অর্থবছরের জুলাই-মার্চ পর্যন্ত এ বন্দর দিয়ে মাত্র ১৪৯ দশমিক ৯৮ টন মসুর ডাল দেশে এসেছে, যার আর্থিক মূল্য ২ কোটি ৫৪ লাখ টাকা। অথচ গত অর্থবছরের একই সময়ে আমদানির পরিমাণ ছিল ৬২২ টন। অর্থাৎ এক বছরের ব্যবধানে আমদানি কমেছে ৪৭২ দশমিক ২ টন। ব্যবসায়ীরা বলছেন, আমদানির এই নিম্নমুখী প্রবণতা শতকরা হিসেবে প্রায় ৭৫ শতাংশ।

আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স গনি অ্যান্ড সন্সের ব্যবস্থাপক অশোক কুমার জানান, অভ্যন্তরীণ বাজারে চাহিদা আগের তুলনায় অনেক কম। এ কারণে লোকসান এড়াতে আমদানির পরিমাণ কমেছে। তবে বন্দরে আমদানি কমলেও তার প্রভাব সাতক্ষীরার স্থানীয় বাজারে পড়েনি। সেখানে ডালের দাম এখনো স্থিতিশীল রয়েছে।

গতকাল সুলতানপুর বাজারে গিয়ে দেখা গেছে, দেশী মসুর ডাল প্রতি কেজি ১২৫ টাকা দ‌রে বিক্রি হচ্ছে। ভারতীয় মসুর ডাল প্রতি কেজি ৯০-৯৫ টাকা এবং নেপালি ডাল ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। জেলা কৃষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ জানান, সরবরাহ পর্যাপ্ত থাকায় কয়েক মাস ধরে দাম বাড়েনি। আমদানি কমলেও মজুদ সন্তোষজনক থাকায় আপাতত বাজার অস্থিতিশীল হওয়ার কোনো আশঙ্কা নেই।

আরও