চীনা বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা বিওয়াইডি থেকে সম্পূর্ণ বিনিয়োগ প্রত্যাহার করেছে ওয়ারেন বাফেটের প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথাওয়ে। আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থার কাছে জমা দেয়া নথি থেকে সম্প্রতি এ তথ্য জানা গেছে।
রয়টার্সের প্রতিবেদন অনুসারে, বিওয়াইডির সঙ্গে বার্কশায়ার হ্যাথাওয়ের বিনিয়োগের সম্পর্ক ১৭ বছরের। ওই সময়ের মধ্যে মার্কিন প্রতিষ্ঠানটির বিনিয়োগের বাজারমূল্য বেড়েছে ২০ গুণ।
বার্কশায়ারের জ্বালানি খাতের সহযোগী প্রতিষ্ঠানের নথি অনুযায়ী, চলতি বছরের মার্চের শেষে বিওয়াইডিতে তাদের বিনিয়োগের মূল্য শূন্য হিসেবে লিপিবদ্ধ হয়েছে, যা ২০২৪ সালের শেষে ছিল ৪১ কোটি ৫০ লাখ ডলার।
২০০৮ সালে শেনঝেনভিত্তিক বিওয়াইডিতে প্রথম বিনিয়োগ করে বাফেটের কোম্পানি। তখন তারা প্রায় ২২ কোটি ৫০ লাখ শেয়ার কিনতে ২৩ কোটি ডলার খরচ করে, যা কোম্পানির প্রায় ১০ শতাংশ শেয়ারের সমতুল্য ছিল।
তবে বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি বার্কশায়ার হ্যাথাওয়ে।
অন্যদিকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম উইবোয় পোস্ট করেছেন বিওয়াইডির ব্র্যান্ডিং ও জনসংযোগ বিভাগের জেনারেল ম্যানেজার লি ইউনফেই। সেখানে গত ১৭ বছর বার্কশায়ারের ‘বিনিয়োগ, সহায়তা ও অংশীদারত্বের জন্য’ কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে শেয়ার বিক্রিকে ‘স্বাভাবিক শেয়ারবাজার লেনদেন’ হিসেবে বর্ণনা করেছেন।
মার্কিন ইভি জায়ান্ট টেসলা ও বিশ্বব্যাপী চীনা গাড়ি বিক্রিতে সরকারগুলোর নীতিগত বাধার কারণে বর্তমানে কিছুটা চাপের মুখে রয়েছে বিওয়াইডি। এমনকি স্থানীয় বাজারেও কঠোর নীতিগত বাধায় প্রভাবিত হচ্ছে কোম্পানিটির বিক্রি। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) সাড়ে তিন বছরের মধ্যে প্রথমবারের মতো প্রান্তিকভিত্তিক মুনাফা কমেছে বিওয়াইডির।
বিওয়াইডির বৈশ্বিক সরবরাহের প্রায় ৮০ শতাংশ হলো স্থানীয় বিক্রি। আগস্টে এ বাজারে টানা চতুর্থ মাসের মতো বিক্রি কমেছে ইভি জায়ান্টটির। এমন পরিস্থিতিতে বার্ষিক বিক্রির লক্ষ্যমাত্রা ১৬ শতাংশ কমিয়ে ৪৬ লাখ ইউনিটে নামিয়ে এনেছে বিওয়াইডি।