বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে ইতালি আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত অ্যান্তেনিও আলেসান্দ্র। সচিবালয়ে গতকাল বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।
বৈঠকে বাংলাদেশ ও ইতালির মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষই দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো গভীর ও বিস্তৃত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
এ সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ‘বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ বিরাজমান। ইতালির বিনিয়োগকারীদের জন্য সব ধরনের সহযোগিতা দিতে বাণিজ্য মন্ত্রণালয় প্রস্তুত রয়েছে।’
জবাবে রাষ্ট্রদূত অ্যান্তেনিও আলেসান্দ্র বলেন, ‘বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে ইতালি আগ্রহী। বিশেষ করে প্রযুক্তি স্থানান্তর এবং মাঝারি ও ক্ষুদ্র শিল্প খাতে সহযোগিতার ব্যাপক সম্ভাবনা রয়েছে।’
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রফতানি) মো. আব্দুর রহিম খান ও ইতালির ডেপুটি হেড অব মিশন ফ্রেডেরিকো জামপারেল্লিও উপস্থিত ছিলেন।