নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে গ্যাস সংকট

পরিদর্শনে গিয়ে দ্রুত সমাধানের আশ্বাস সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের

নারায়ণগঞ্জের আড়াইহাজার, রূপগঞ্জ ও ভুলতা শিল্পাঞ্চলে তীব্র গ্যাস সংকটের কারণে উৎপাদনে ধস নেমেছে।

নারায়ণগঞ্জের আড়াইহাজার, রূপগঞ্জ ও ভুলতা শিল্পাঞ্চলে তীব্র গ্যাস সংকটের কারণে উৎপাদনে ধস নেমেছে। দীর্ঘ ছয় মাস ধরে চলা এ বিপর্যয়ের ফলে লোকসানের মুখে পড়েছেন উদ্যোক্তারা। এমন পরিস্থিতিতে গতকাল প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব ও পেট্রোবাংলার চেয়ারম্যানের নেতৃত্বে সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল নারায়ণগঞ্জের শিল্পাঞ্চল সরজমিনে পরিদর্শনে যান। এ সময় তারা বেশ কয়েকটি শিল্প-কারখানা ঘুরে দেখেন ও দ্রুত গ্যাস সংকট নিরসনের আশ্বাস দেন।

প্রতিনিধি দলে ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহনেওয়াজ পারভেজ এবং নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রতিনিধি দলের সদস্যরা দিনব্যাপী রূপগঞ্জের রবিন টেক্সা, নাসা টেক্সাটাইল, এনজেড ফেব্রিক্স লিমিটেড, ফারিহা স্পিনিং মিলস, নান্নু স্পিনিং মিলস, মিথিলা টেক্সটাইলসহ একাধিক শিল্প-কারখানা ঘুরে দেখেন এবং গ্যাসের চাপ প্রত্যক্ষ করেন। এ সময় বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) ভাইস প্রেসিডেন্ট মো. সালেউদ্দ জামান খান ও পরিচালক মো. আজাহার কাহান উপস্থিত থেকে শিল্প-মালিকদের দুরবস্থার চিত্র তুলে ধরেন।

পরিদর্শন শেষে পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান বলেন, ‘গ্যাসের চাপের বর্তমান অবস্থা সরেজমিন দেখতে এসে সত্যতা পেয়েছি। শিল্পকে বাঁচাতে আমরা এ সংকট উত্তরণের জন্য জরুরি ভিত্তিতে কাজ করছি।’

তিতাসের এমডি শাহনেওয়াজ পারভেজ গ্যাসের চাপের অস্বাভাবিক ওঠানামার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, ‘সারা দেশেই গ্যাসের সরবরাহ কিছুটা কম। রূপগঞ্জ ও আড়াইহাজার সরবরাহ লাইনের শেষ প্রান্তে হওয়ায় এখানে চাপ কমে যায়। আমরা বিষয়টি দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।’

মিথিলা গ্রুপের চেয়ারম্যান ও বিটিএমএর পরিচালক মো. আজাহার কাহান প্রতিনিধি দলকে জানান, গত বছরের অক্টোবর থেকে গ্যাসের চাপ দিনের বেলায় শূন্য দশমিক ৫ থেকে ১ পিএসআই ও রাতে দেড় থেকে ২ পিএসআইয়ে নেমে আসায় উৎপাদন ৩০ শতাংশে এসে ঠেকেছে। গ্যাসের অভাবে নতুন অর্ডার নেয়া যাচ্ছে না। আবার পুরনো অর্ডার লিড টাইমে শিপমেন্ট করাও সম্ভব হচ্ছে না।

আরও