মুনাফার পূর্বাভাস বাড়াল আমেরিকান এক্সপ্রেস

আমেরিকান এক্সপ্রেসের প্রধান নির্বাহী স্টিফেন স্কোয়েরি জানান, কার্ডের ব্যবহার, নতুন গ্রাহক গ্রহণ ও পুরনো গ্রাহক ধরে রাখার ক্ষেত্রে কোম্পানি ইতিবাচক ধারা বজায় রেখেছে।

বিশ্বখ্যাত ক্রেডিট কার্ড সেবাদাতা প্রতিষ্ঠান আমেরিকান এক্সপ্রেস (অ্যামেক্স) চলতি বছরের মুনাফার পূর্বাভাস বাড়িয়েছে। গ্রাহকদের কেনাকাটা, ভ্রমণ ও রেস্তোরাঁয় ব্যয় অব্যাহত থাকায় তৃতীয় প্রান্তিকে ভালো ব্যবসা করেছে প্রতিষ্ঠানটি। গতকাল জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকের আর্থিক ফল প্রকাশের পর নতুন পূর্বাভাস দেয়া হয়। খবর রয়টার্স।

প্রতিষ্ঠানটির আগে শেয়ারপ্রতি আয় ১৭ ডলার ৩০ থেকে ১৭ ডলার ৯০ সেন্ট হতে পারে বলে ধারণা করা হয়েছিল। এখন তা বাড়িয়ে ১৮ ডলার ৩০ থেকে ১৮ ডলার ৬০ সেন্ট নির্ধারণ করা হয়। ব্যবসায়িক গতি ও গ্রাহকদের সময়মতো ঋণ পরিশোধের চমৎকার রেকর্ডের কারণেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

অ্যামেক্সের সমন্বিত শেয়ারপ্রতি আয় গত ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া তৃতীয় প্রান্তিকে বেড়ে দাঁড়িয়েছে ৪ ডলার ৬৮ সেন্টে, যা আগের বছরের একই সময়ে ছিল ৪ ডলার ১৪ সেন্ট। এ প্রান্তিকে প্রতিষ্ঠানটির মোট রাজস্ব ৯ শতাংশ বেড়ে দাঁড়ায় ২ হাজার ১০ কোটি ডলারে। একই সময়ে অ্যামেক্স কার্ডের মাধ্যমে মোট খরচের পরিমাণ ৮ শতাংশ বেড়ে ৪৫ হাজার ৪০০ কোটি ডলারে পৌঁছায়। খবর প্রকাশের পর পরই প্রাক-লেনদেনে অ্যামেক্সের শেয়ারের দাম দশমিক ৮ শতাংশ বাড়ে।

উচ্চ আয় ও ক্রেডিট স্কোর থাকা গ্রাহকদের প্রাধান্য দেয়ায় বৈশ্বিক অর্থনৈতিক মন্দার সত্ত্বেও প্রতিষ্ঠানটি নিজের অবস্থান গড়তে সক্ষম হয়েছে। ব্যবসার ধারাবাহিকতা বজায় রাখতে নতুন প্রজন্মের তরুণদের, বিশেষ করে জেনজি ও মিলেনিয়ালদের নিজের সেবায় আকৃষ্ট করতে বিপুল বিনিয়োগ করছে অ্যামেক্স।

আমেরিকান এক্সপ্রেসের প্রধান নির্বাহী স্টিফেন স্কোয়েরি জানান, কার্ডের ব্যবহার, নতুন গ্রাহক গ্রহণ ও পুরনো গ্রাহক ধরে রাখার ক্ষেত্রে কোম্পানি ইতিবাচক ধারা বজায় রেখেছে।

গ্রাহকদের সময়মতো ঋণ পরিশোধের সামর্থ্য ভালো থাকায় চলতি প্রান্তিকে সম্ভাব্য ঋণ ক্ষতির জন্য অ্যামেক্স ১০০ কোটি ডলারের তহবিল আলাদা করে রেখেছে। আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১৩০ কোটি ডলার।

যদিও কেবল ধনী গ্রাহকদের ওপর নির্ভর করায় অ্যামেক্সের পারফরম্যান্স সার্বিক অর্থনীতির পুঙ্খানুপুঙ্খ চিত্র তুলে ধরে না, তবু এটি সাধারণ মানুষের বাড়তি খরচের ধরন বুঝতে সাহায্য করে। এর আগে যুক্তরাষ্ট্রের অন্য বড় ব্যাংকগুলোর কর্মকর্তারাও বিভিন্ন আয়ের গ্রাহকদের মধ্যে স্থিতিশীল কেনাকাটার প্রবণতা বজায় থাকার তথ্য নিশ্চিত করেছেন।

আরও