লিপস্টিকসহ অন্যান্য স্কিন কেয়ার ও প্রসাধনসামগ্রীর ব্যয় বাড়ছে। ২০২৫-২৬ অর্থবছরের বাজেট প্রস্তাবনা থেকে এ তথ্য জানা গেছে।
অর্থ উপদেষ্টার বাজেট প্রস্তাব অনুযায়ী, বিদেশী কসমেটিক্স পণ্যের আমদানিতে ন্যূনতম শুল্কায়ন মূল্য দ্বিগুণ করার সুপারিশ করা হয়েছে। উদাহরণস্বরূপ, বর্তমানে প্রতি কেজি লিপস্টিক আমদানিতে শুল্কায়ন মূল্য ধরা হয় ২০ ডলার। নতুন প্রস্তাবে সেটি বাড়িয়ে ৪০ ডলার করার কথা বলা হয়েছে। কিছু প্রসাধনসামগ্রীর ক্ষেত্রে সম্পূরক শুল্ক ৩৫ শতাংশ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে। ফলে হাত, নখ, পায়ের প্রসাধনসামগ্রী, লিপস্টিক, চুল পরিচর্যা সামগ্রীসহ বিভিন্ন পণ্যের দাম বাড়তে পারে।
এছাড়া লিপলাইনার, আইলাইনার, ফেসওয়াশ, বিউটি ব্লেন্ডার, মেকআপ কিটসহ অন্যান্য পণ্যের ক্ষেত্রেও ন্যূনতম মূল্য বাড়ানোর ইঙ্গিত মিলেছে।
তবে এই প্রস্তাব শুধু আমদানি করা প্রসাধনসামগ্রীকে লক্ষ্য করে আনা হয়েছে। দেশীয়ভাবে উৎপাদিত কসমেটিক্স পণ্যের ক্ষেত্রে শুল্ক বা মূল্য সংযোজন কর (ভ্যাট) পরিবর্তনের কোনো প্রস্তাব নেই। ফলে দেশীয় ব্র্যান্ডগুলোর পণ্যের দাম স্থির থাকতে পারে, যা স্থানীয় শিল্পের জন্য একটি সম্ভাব্য সুবিধা হয়ে উঠতে পারে।
প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়েছে। দেশের ৫৫তম এ বাজেটের আকার ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা। সোমবার (২ জুন) বিকাল ৩টায় ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার বাজেট ঘোষণা শুরু করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। এটি আগামী অর্থবছরের মূল বাজেটের চেয়ে প্রায় ৭ হাজার কোটি টাকা কম হলেও সংশোধিত বাজেটের তুলনায় প্রায় ৪৬ হাজার কোটি টাকা বেশি।
বাজেট প্রস্তাবে রাজস্ব আয় বাড়াতে ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে কিছু পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। এতে প্রসাধন সামগ্রী, বিশেষ করে লিপস্টিকের মতো পণ্যের দাম বাড়তে পারে।