ফেডের সুদহার হ্রাস

বিশ্ববাজারে বেড়েছে তামার দর

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) গত বুধবার সুদহার কমিয়েছে ২৫ বেসিস পয়েন্ট। এর প্রভাবে ডলারের বিনিময় হার আগের তুলনায় কমে গেছে। এমন প্রেক্ষাপটে গতকাল বিশ্ববাজারে তামার দাম বেড়েছে ১ শতাংশের বেশি। খবর বিজনেস রেকর্ডার।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) গত বুধবার সুদহার কমিয়েছে ২৫ বেসিস পয়েন্ট। এর প্রভাবে ডলারের বিনিময় হার আগের তুলনায় কমে গেছে। এমন প্রেক্ষাপটে গতকাল বিশ্ববাজারে তামার দাম বেড়েছে ১ শতাংশের বেশি। খবর বিজনেস রেকর্ডার।

খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, ডলারের বিনিময় হার কমে গেলে অন্যান্য মুদ্রা ব্যবহারকারী দেশগুলোর জন্য পণ্য ক্রয় তুলনামূলক সস্তা হয়ে ওঠে। এমন অবস্থায় চাহিদা বেড়ে যায়, যার প্রভাব পড়ে পণ্যের দামে।

সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে (এসএইচএফই) গতকাল তামার দাম বেড়েছে ১ দশমিক ১৭ শতাংশ। এ সময় টনপ্রতি মূল্য পৌঁছেছে ৯২ হাজার ৭৩০ ইউয়ানে (প্রায় ১৩ হাজার ১৩৩ ডলার ৭ সেন্ট)। এছাড়া গতকাল লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তিন মাসের সরবরাহ চুক্তিতে ধাতব পণ্যটির দাম ১ দশমিক ৩৩ শতাংশ বেড়ে টনপ্রতি ১১ হাজার ৭১০ ডলারে পৌঁছেছিল। ৮ ডিসেম্বর এলএমইতে প্রতি টন তামার দাম রেকর্ড ১১ হাজার ৭৭১ ডলারে পৌঁছেছিল।

উল্লেখ্য, সুদহার কমালে মার্কিন বন্ড ও ব্যাংকে বিনিয়োগ থেকে আয় কমে যায়। ফলে ডলারের পরিবর্তে অন্যান্য সম্পদের বিনিয়োগ চাহিদা বাড়তে পারে। এ কারণে ব্যালান্স শিট সম্প্রসারণ করেছে ফেড। অর্থাৎ মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ব্যালান্স শিটে সরকারি বন্ডসহ অন্যান্য সম্পদ অন্তর্ভুক্ত করেছে, যেন বাজারে তারল্য বজায় থাকে।

বেইজিংভিত্তিক ব্রোকার কোম্পানি এসডিআইসি ফিউচারসের বিশ্লেষক শিয়াও জিং বলেন, ‘শুধু সুদহার কমানো নয়, বরং বাজারে ফেডের ব্যালান্স শিট সম্প্রসারণের কারণেও তামার দাম বেড়েছে। নতুন পরিস্থিতি বুঝতে এবং নিজের বিনিয়োগ পরিকল্পনা সামঞ্জস্য করতে কিছু সময় নেবেন বিনিয়োগকারীরা।’

তিনি আরো জানান, চিলির রাষ্ট্রায়ত্ত খনি কোদেলকোয় তামা উত্তোলন কমে যাওয়াও তামার দাম বাড়ার পেছনে ভূমিকা রেখেছে।

গতকাল বিশ্ববাজারে অ্যালুমিনিয়ামের দামও ছিল ঊর্ধ্বমুখী। এসএইচএফই ও এলএমইতে ধাতব পণ্যটির দাম বেড়েছে যথাক্রমে দশমিক ৫৫ ও দশমিক ৬৬ শতাংশ।

আরও